কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা ও বাহারছড়া বনসংলগ্ন এলাকায় গত তিন দিন ধরে আহত পা নিয়ে ঘুরে বেড়ানো একটি হাতিকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেছে বন বিভাগ। বন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিটির শরীরে মোট আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে এর মধ্যে পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়া দুটি গুলি বের করা সম্ভব হয়নি।
যে বনাঞ্চলে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী এবং রোহিঙ্গা অস্ত্রধারীদের গোপন আস্তানা রয়েছে। বন বিভাগ জানিয়েছে, টেকনাফ এলাকাটি হাতির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি চলে আসায় হাতিটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা অপহরণের শিকার হয়ে ফিরে এসেছেন, তাঁরাও বন কর্মকর্তাদের জানিয়েছেন যে ডাকাতদের হাতে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেখানে ঘটে থাকে।
গত মঙ্গলবার টেকনাফের লোকালয় থেকে প্রায় চার কিলোমিটার গভীরে শিলখালীর সংরক্ষিত বনে হাতিটির অবস্থান শনাক্ত করে বন বিভাগ। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বুধবার দুপুর ১২টার দিকে বন বিভাগের ভেটেরিনারি সার্জনসহ ২০ সদস্যের একটি দল হাতিটির চিকিৎসা শুরু করে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘টেকনাফের গহিন বনে নানা ধরনের সন্ত্রাসীর আস্তানা আছে। আমাদের ধারণা, এরাই হাতিটিকে গুলি করেছে।’
তারিকুর রহমান আরও জানান, ‘মঙ্গলবার আমরা হাতিটির অবস্থান যখন শনাক্ত করি, তখন এটি ছিল পাহাড়ের ওপর। ওই অবস্থায় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে হাতিটিকে অচেতন করলে সেটি পাহাড় থেকে পড়ে যেত। সে জন্য আমরা অপেক্ষা করেছি।’ বুধবার ভোর থেকে পুনরায় তল্লাশি চালিয়ে দুপুর ১২টার দিকে হাতিটিকে সমতলে পাওয়া যায়। এরপর সেটিকে অচেতন করে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। বন কর্মকর্তা জানান, দুটি গুলি পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়ায় সেগুলো বের করা যায়নি। বৃহস্পতিবারও হাতিটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
হাতিটির চিকিৎসা দিয়েছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। তিনি মুক্তকণ্ঠকে বলেন, হাতির পায়ে ও পিঠে গুলি লেগেছে। পায়ের ক্ষত দেখে মনে হয়েছে, রাইফেল-জাতীয় অস্ত্র থেকে এই গুলি করা হয়েছে। পায়ের গুলি মাংসপেশি ভেদ করে হাড়ের জয়েন্টের ভেতরে ঢুকে গেছে; যে কারণে সেগুলো বের করা যায়নি।
ডা. মোস্তাফিজুর রহমান আরও বলেন, পিঠের গুলি দেখে মনে হয়েছে, সেগুলো ছররা গুলি। হাতিটির ক্ষতস্থানে ভালোভাবে ড্রেসিং করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। তবে যেহেতু দুটি গুলি পায়ে রয়ে গেছে, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
২০২২ সালে স্থানীয় আটজনকে অপহরণ করে টেকনাফের গহিন বনে নিয়ে গিয়েছিল একটি সশস্ত্র দল। তাঁদের একজন টেকনাফের শিলখালীর করিম উল্লাহ। করিম উল্লাহর বরাত দিয়ে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ওই সময় ডাকাত দল যখন তাদের অপহরণ করে গহিন বনের আস্তানায় বন্দী করে রাখে, তখন প্রায়ই হাতির আনাগোনা দেখেছেন তাঁরা। চার দিন ধরে বন্দী থাকা অবস্থায় প্রায়ই হাতির দলকে গুলি করতে দেখেছিলেন করিম উল্লাহ।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন ২০১৬ সালে বাংলাদেশে হাতির সংখ্যা নিয়ে সর্বশেষ জরিপ চালায়। এতে হাতির সংখ্যা পাওয়া যায় ২৬৮টি। এই হাতিগুলোর বেশির ভাগ আবাসস্থল কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। এই জরিপের পর আইইউসিএন দেশে হাতিকে ‘ক্রিটিক্যালি এনডেনজারড’ বা মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে।
বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে কক্সবাজারে গুলিতে নয়টি হাতি মারা গেছে। তবে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা ১৮। কক্সবাজারের খুঁটাখালীতেই ছয়টির বেশি গুলির ঘটনা ঘটেছে। বন বিভাগের নথিতে হাতির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কম নথিভুক্ত হলেও মাঠপর্যায়ে কর্মরত বন কর্মকর্তা ও ময়নাতদন্তকারী সার্জনরা ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তাঁদের মতে, কক্সবাজারে যত হাতি হত্যা করা হয়, ময়নাতদন্তের সময় কমপক্ষে ৭০ শতাংশ হাতিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। একজন ভেটেরিনারি সার্জন কক্সবাজারে ২০টি হাতির ময়নাতদন্তের সময় গুলি বের করার কথা জানিয়েছেন।