কক্সবাজারের টেকনাফে এক বিরল মমতার দৃশ্য দেখা গেছে, যেখানে একটি অসুস্থ ও আহত হাতির পাশে অবিচল থেকেছে তার সঙ্গী। গত তিন দিন ধরে সুস্থ হাতিটি তার আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যায়নি। আহত হাতিটির পেছনের ডান পায়ে একটি বড় ক্ষত রয়েছে। ক্ষতস্থানজুড়ে চামড়া উঠে গেছে এবং ভেতর থেকে পুঁজ বের হচ্ছে। আঘাতের তীব্র যন্ত্রণায় পা ফেলতে কষ্ট হচ্ছে হাতিটির, যার ফলে হাঁটতে গিয়ে সে মাঝপথেই থেমে যাচ্ছে। তবে তার এই কষ্টের সময়ে পাশে আছে অন্য একটি হাতি। আহত হাতিটি যতটুকু সামনে এগোচ্ছে, সঙ্গী হাতিটিও ঠিক ততটুকুই এগিয়ে যাচ্ছে—কখনো গা ঘেঁষে, আবার কখনো কিছুটা পেছনে থেকে। এভাবেই গত তিন দিন ধরে অসুস্থ সঙ্গীর পাশে থেকেছে সুস্থ হাতিটি।

বন্যপ্রাণীর এমন গভীর মমতার দৃশ্য দেখে অবাক হয়েছেন টেকনাফের বাহারছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। একদিকে সঙ্গী হাতির এমন আগলে রাখার দৃশ্য স্থানীয়দের আবেগতাড়িত করলেও, অন্যদিকে চিকিৎসার অভাবে আহত হাতিটির পরিণতি নিয়ে বাড়ছে গভীর উদ্বেগ। স্থানীয়রা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাতিটিকে বাঁচানোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকেও লোকালয়ে আহত হাতিটির পাশেই অবস্থান করছিল তার সঙ্গী।

স্থানীয় বাসিন্দা নুরুল আজিম জানান, আহত হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। তিনি বলেন, “ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে যাওয়ায় ক্ষতটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।”

বাহারছড়ার আরেক বাসিন্দা আলাউদ্দিন বলেন, “আহত হাতিটির সঙ্গে থাকা সুস্থ হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি কষ্ট করে সামনে এগোলে সঙ্গীটিও তার সঙ্গে এগিয়ে আসছেন। আমরা তিন দিন ধরে এমন দৃশ্য দেখছি।”

তিনি আরও বলেন, “হাতিটিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে ক্ষত আরও বাড়তে পারে এবং সংক্রমণ ছড়িয়ে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ে আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “দুটি হাতির একটির পায়ে গুরুতর জখম রয়েছে এবং অপর হাতিটি তিন দিন ধরে তার সঙ্গেই আছে। বিষয়টি বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত চিকিৎসার মাধ্যমে হাতিটি সুস্থ হয়ে উঠবে।”

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, খবর পাওয়ার পর থেকে তারা হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, “সকালে চিকিৎসক দল ঘটনাস্থলে যাবেন। এরপর ড্রোন উড়িয়ে অবস্থান শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।”