নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আবারও কুমিরের দেখা মিলেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে কুমিরটিকে দেখা যায়। এর আগে প্রায় দুই মাস আগে এই এলাকারই অন্য একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল, তবে দীর্ঘ প্রচেষ্টার পরও বন বিভাগ সেটিকে উদ্ধার করতে পারেনি। সেই কুমিরটি কোথায় গেল, তা নিয়ে স্থানীয়দের মনে ছিল প্রবল কৌতূহল ও ভয়। এরই মধ্যে মুসাপুর ইউনিয়নের এই নতুন পুকুরে কুমিরের উপস্থিতি সামনে আসায় দ্রুত সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ।

কুমিরটিকে নিরাপদভাবে উদ্ধারের লক্ষ্যে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কাজের জন্য ইতিমধ্যে তিনটি পাম্প বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার মুক্তকণ্ঠকে বলেন, “মুসাপুর ইউনিয়নের ওই পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের জন্য পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে। স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পানি সেচে ফেলা হচ্ছে। পানি কমে গেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।”

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটিকে দেখতে পান স্থানীয় লোকজন। দ্রুতই তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চলছে এবং ইতিমধ্যে প্রায় দেড় ফুট পানি কমানো হয়েছে। তবে পুকুরে এখনো সাত থেকে আট ফুট পানি অবশিষ্ট রয়েছে।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল মুক্তকণ্ঠকে বলেন, “পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। পাম্পের মাধ্যমে পানিনিষ্কাশনের কাজ চলছে। ইতিমধ্যে পুকুর থেকে প্রায় দেড় ফুট পানি কমানো হয়েছে। এখনো সাত থেকে আট ফুট পানি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।”

তবে মুসাপুরের এই পুকুরে পাওয়া কুমিরটি দুই মাস আগে তিনগাঁওয়ে দেখা দেওয়া সেই কুমির কি না, তা নিয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত হতে পারেননি। বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুলের ধারণা, এটি সেই আগের কুমিরটিই হতে পারে, তবে উদ্ধার করার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা নুরে আলম মুক্তকণ্ঠকে বলেন, “মঙ্গলবার বিকেলে পুকুরে কুমিরটি দেখা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কুমির দেখা দেওয়ার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ পুকুরে নামছেন না।”

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে প্রথম কুমিরটি দেখা গিয়েছিল। ধারণা করা হয়, পরবর্তীতে সেটি পাশের অন্য একটি পুকুরে চলে যায়। খবর পেয়ে বন বিভাগ এবং ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা জাল ফেলে সেটিকে ধরার চেষ্টা করলেও অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান ব্যর্থ হয়। এরপর কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে ব্যাপক খোঁজ করা হলেও কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সে সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে উপজেলা প্রশাসন থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।