মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে, যাঁরা কেবল তাঁদের সমসাময়িক সময়ের সীমাবদ্ধতায় আটকা থাকেন না, বরং তাঁদের জীবনদর্শন ও কর্মতৎপরতা দিয়ে সেই সময়কে অতিক্রম করেন। আবার এমন কিছু মানুষও থাকেন, যাঁদের বিশালতাকে কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে পুরোপুরি ধারণ করা সম্ভব হয় না। বাঙালির ইতিহাসে রণদাপ্রসাদ সাহা (১৮৯৬-১৯৭১) ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। তাঁর জীবনকে কেবল দানশীলতা, অগাধ অর্থবিত্ত কিংবা ব্যক্তিগত সাফল্যের মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়। তাঁর জীবনের প্রকৃত তাৎপর্য নিহিত ছিল ব্যক্তিগত শোক ও বেদনাকে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতায় রূপান্তরিত করার এক বিরল ক্ষমতার মধ্যে। হেনা সুলতানার লেখা 'কালজয়ী রণদাপ্রসাদ' গ্রন্থটি সেই অসাধারণ মানুষটির জীবন, কর্ম, চিন্তা এবং ঐতিহাসিক পরিণতিকে নতুন করে আবিষ্কার করার একটি সার্থক প্রয়াস। এই বইটি ঔপনিবেশিক বাংলার সামাজিক বাস্তবতা, মানবিক উদ্যোগের বিস্তার এবং মুক্তিযুদ্ধের নির্মম ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এক অনন্য জীবন-দলিল হিসেবে ধরা দেয়।
গবেষক অত্যন্ত নিপুণতার সঙ্গে রণদাপ্রসাদ সাহার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে তাঁর অংশগ্রহণকে ফুটিয়ে তুলেছেন। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরে যোগ দিয়ে মেসোপটেমিয়ার যুদ্ধক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং পরবর্তীতে ৪৯তম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ততা তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যুদ্ধের ভয়াবহতা, আহত সৈনিকদের চরম অসহায়তা এবং সেবার বাস্তব প্রয়োজনীয়তাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। ঔপনিবেশিক সামরিক কাঠামোর সঙ্গে একজন বাঙালি তরুণের এই সম্পৃক্ততা এবং পরবর্তীতে নিজ সমাজের কল্যাণে জীবন উৎসর্গের যে বীরত্ব, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। লেখক হেনা সুলতানা বিভিন্ন দলিল ও বিবরণের সাহায্যে এই অধ্যায়টি উপস্থাপন করেছেন, যদিও এর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ থাকলে পাঠকের অনুসন্ধিৎসা আরও গভীর হতো।
গ্রন্থটির শুরু হয়েছে রণদাপ্রসাদের জন্ম এবং তাঁর অত্যন্ত দুঃখজনক শৈশবের পটভূমি দিয়ে। মাত্র সাত বছর বয়সে মাতৃহারা হওয়ার অভিজ্ঞতা তাঁর জীবনবোধে এক গভীর ক্ষত তৈরি করেছিল। তবে পরিণত বয়সে সেই স্মৃতি কেবল বেদনা হয়ে থাকেনি, বরং তা হয়ে উঠেছিল এক সঞ্জীবনী মন্ত্র। চিকিৎসার অভাবে তাঁর মা কুমুদিনী দেবীর মৃত্যু তাঁকে এক দৃঢ় প্রতিজ্ঞার দিকে ঠেলে দেয়, যার বাস্তব রূপ হিসেবে জন্ম নেয় 'কুমুদিনী হাসপাতাল'। বইটির ‘শৈশব’ ও ‘জীবনযুদ্ধ’ অধ্যায়ে লেখক হেনা সুলতানা রণদাপ্রসাদের আত্মপ্রতিষ্ঠার কঠিন লড়াইয়ের কথা বর্ণনা করেছেন। পারিবারিক কলহের কারণে কিশোর বয়সেই ঘর ছেড়ে কলকাতায় পালিয়ে যাওয়া, ফুটপাতে রাত কাটানো এবং পেটের দায়ে কুলিগিরিসহ নানা কঠিন কাজ করা রণদাপ্রসাদের চরিত্রকে আরও দৃঢ় ও শাণিত করেছিল। পরাধীন ভারতের স্বদেশি আন্দোলন এবং বিপ্লবীদের সংস্পর্শে আসা এবং পুলিশি নির্যাতনের শিকার হওয়া তাঁর ভেতরে এক আপসহীন দেশপ্রেম জাগ্রত করেছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা এবং আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে তিনি কলকাতায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তৎকালীন ঔপনিবেশিক কলকাতা ছিল বাণিজ্য, শিল্প, শিক্ষিত মধ্যবিত্তের বিকাশ এবং জাতীয়তাবাদী রাজনীতির এক সংঘাতময় কেন্দ্র। এই অর্থনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে রণদাপ্রসাদ ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। নদীপথে পরিবহন এবং পাটশিল্পসহ বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা তাঁকে বিপুল সম্পদের মালিক করে তোলে। তবে তাঁর জীবনের বিশেষত্ব ছিল সম্পদ অর্জনের পর তা সামাজিক কল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত। এখানেই তিনি অন্য সবার থেকে স্বতন্ত্র এবং কালজয়ী হয়ে আছেন।
রণদাপ্রসাদের মানবিক দর্শনের সবচেয়ে উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটে তাঁর স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত উদ্যোগগুলোর মাধ্যমে। ১৯৩৮ সালে শোভাসুন্দরী ডিসপেনসারি প্রতিষ্ঠা, ১৯৪৪ সালে কুমুদিনী হাসপাতালের উদ্বোধন এবং ১৯৪৭ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা তাঁর সমাজভাবনারই ধারাবাহিক বহিঃপ্রকাশ। ১৯৪৩ সালের সেই ভয়ংকর দুর্ভিক্ষের সময় আড়াই শতাধিক লঙ্গরখানা চালিয়ে তিনি হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে জীবনদান করেছিলেন। পাশাপাশি ভারতেশ্বরী হোমস, কুমুদিনী কলেজ ও দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাকে সামাজিক মুক্তির প্রধান পথ হিসেবে গ্রহণ করেছিলেন। বিশেষ করে নারীশিক্ষা এবং নারীর স্বাস্থ্যসেবাকে তিনি সমাজের সামগ্রিক উন্নতির পূর্বশর্ত হিসেবে বিবেচনা করতেন। এখানে রণদাপ্রসাদের দানশীলতার প্রচলিত সংজ্ঞাকে নতুন করে দেখার প্রয়োজন। দান সাময়িক প্রয়োজন মেটাতে পারে, কিন্তু প্রতিষ্ঠান মানুষের প্রয়োজনকে দীর্ঘস্থায়ীভাবে ধারণ করে। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছিলেন। ফলে তাঁর সম্পদ ব্যক্তিগত উত্তরাধিকারের বদলে সামাজিক উত্তরাধিকারে পরিণত হয়।
তবে গ্রন্থটির শেষ অংশটি এক গভীর শোকাতুর ট্র্যাজেডির মধ্য দিয়ে শেষ হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বস্ব দিয়ে রণদাপ্রসাদ অত্যন্ত গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও খাদ্য দিয়ে সহায়তা করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী এ দেশীয় দোসর ও পাকিস্তানি হানাদার বাহিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৭১ সালের ৭ মে তিনি ও তাঁর তরুণ পুত্র ভবানীপ্রসাদ সাহা (রবি) অপহৃত হন এবং চিরতরে হারিয়ে যান।
'কালজয়ী রণদাপ্রসাদ' গ্রন্থে গবেষক রণদাপ্রসাদের ব্যক্তিসত্তার বৈচিত্র্য উন্মোচনের পাশাপাশি তাঁর জীবনের অনেক অনালোচিত দিক সামনে এনেছেন। জনহিতকর কাজের বাইরে তিনি ছিলেন একজন রবীন্দ্রানুরাগী, শিল্পপ্রেমী এবং সংস্কৃতিমনস্ক মানুষ। সমসাময়িক অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৯৬৯ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত 'আলমগীর' নাটক মঞ্চস্থ হলে তিনি নামভূমিকায় অভিনয় করেন। এমনকি কবি জসীমউদ্দীন তাঁর 'সখিনা' কাব্যগ্রন্থটি রণদাপ্রসাদকে উৎসর্গ করেছিলেন। তবে সবকিছুর ঊর্ধ্বে এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দলিলনির্ভরতা। প্রথম বিশ্বযুদ্ধের ঐতিহাসিক আলোকচিত্র, সামরিক জীবনের বিবরণ, পারিবারিক ছবি, চিঠিপত্র এবং বংশতালিকার সংযোজন গ্রন্থটিকে বহুমাত্রিক রূপ দিয়েছে। ১৩টি অধ্যায়ে বিন্যস্ত এই বইটিতে জীবনবৃত্তান্তের পাশাপাশি তাঁর চিন্তাধারা, ব্যবসায়িক উদ্যোগ, সেবাকর্ম এবং প্রাতিষ্ঠানিক অবদানকে আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে।
পরিশেষে বলা যায়, রণদাপ্রসাদের জীবনকে কেবল মহিমান্বিত করার চেয়ে তাঁর জীবনদর্শনের সামাজিক তাৎপর্য অনুধাবন করাই এই বইটির প্রকৃত উদ্দেশ্য। মানুষ চলে যান, কিন্তু তাঁর নির্মিত প্রতিষ্ঠান মানুষের প্রয়োজনের সঙ্গে যুক্ত থাকলে তাঁর অনুপস্থিতিও একসময় উপস্থিতির অন্য রূপ হয়ে ওঠে। রণদাপ্রসাদ সাহার উত্তরাধিকার সে অর্থেই আজও জীবিত। আশা করা যায়, ভবিষ্যতে হেনা সুলতানার মতো আরও অনেকে এগিয়ে আসবেন এই কালজয়ী মানুষের বিস্মৃত ইতিহাস পুনরুদ্ধার করতে।
বইয়ের বিবরণ:
কালজয়ী রণদাপ্রসাদ
লেখক: হেনা সুলতানা
প্রকাশক: জার্নিম্যান বুকস
প্রকাশকাল: মে ২০২৬
প্রচ্ছদ টাইপোগ্রাফি: নূপুর চন্দ্র সাহা
পৃষ্ঠা: ১৬৪; মূল্য: ৫০০ টাকা