ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বাধে অভিযোগ করেছেন যে, বাংলাদেশি কিছু এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখছে। তাঁর মতে, এই পরিস্থিতির কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদনের সুযোগ পাচ্ছেন না এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে চরম জটিলতার সম্মুখীন হচ্ছেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। ডেপুটি হাইকমিশনার জানান, এই সমস্যা নিরসনে ভারতীয় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘মূল সমস্যাটা হলো স্লট নিয়ে। কারণ, আমরা অবশ্যই (ট্রাভেল) এজেন্টদের পুরোপুরি এড়িয়ে যেতে পারছি না; এখানে প্রচুর অসাধু এজেন্ট (মধ্যস্থতাকারী) কাজ করছে, যাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তারা বেশ আগেই স্লটগুলো ব্লক করে ফেলে, যার ফলে সাধারণ নাগরিকেরা ভিসার স্লট পাওয়া থেকে বঞ্চিত হন এবং দুর্ভাগ্যবশত তাদের (ভিসাপ্রত্যাশী) ওই এজেন্টদের শরণাপন্ন হতে হয়।’
ভিসাদানের প্রক্রিয়াকে দিন দিন আরও উন্নত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ওয়েবসাইটে আরও আইটি ও নিরাপত্তাসংক্রান্ত ফিচার যুক্ত করেছি, যাতে সাধারণ মানুষ নিজেরাই সরাসরি আবেদন করে ভিসা পেতে পারেন। তবে গত কয়েক মাসে বেশ কিছুটা পরিবর্তনও এসেছে এবং এজেন্টদের কাছে না গিয়েই অনেক মানুষ এখন নিজেরাই সরাসরি ভিসার জন্য আবেদন করতে ও পেতে সক্ষম হচ্ছেন।’
উল্লেখ্য, পূজামণ্ডপ পরিদর্শনের আগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। এরপর দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকালে ডেপুটি হাইকমিশনার রণদাপ্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল ও অন্যান্য সেবামূলক স্থাপনার ভূয়সী প্রশংসা করেন।