গোপালগঞ্জে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত রুট পরিবর্তন করে বিকল্প পথ চুয়াডাঙ্গা হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। রেল ইতিহাসের এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে প্রথমবারের মতো ট্রেনটি চুয়াডাঙ্গা জেলার রেলপথ ব্যবহার করে বেনাপোলের গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে দর্শনা হল্ট স্টেশন হয়ে ট্রেনটি বেনাপোলের দিকে যাত্রা করে। রূপসী বাংলা এক্সপ্রেসের এই আকস্মিক রুট পরিবর্তনের ঘটনাটি চুয়াডাঙ্গা ও দর্শনা অঞ্চলের রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সাধারণত পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর হয়ে বেনাপোলে পৌঁছানোর কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেসের। তবে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ট্রেনটি দীর্ঘ সময় ধরে ভাঙ্গা জংশন স্টেশনে আটকে থাকে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে রেলওয়ের কন্ট্রোল রুমের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনটির জন্য একটি বিকল্প রুট নির্ধারণ করা হয়।
নতুন নির্ধারিত রুট অনুযায়ী, ট্রেনটি ফরিদপুর-রাজবাড়ী-পোড়াদহ-চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর-যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য যে, বিকল্প পথে চলাচলের সময় কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে ননস্টপ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “গোপালগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেনটি নির্ধারিত রুটে না গিয়ে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে। আজ সন্ধ্যায় ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। পরে কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়।”