থানা ও সংসদ সদস্যদের বাসভবনে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার কারণে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই অস্থিতিশীল যে, গোপালগঞ্জ হয়ে খুলনার দিকে যাওয়া ট্রেনগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে আন্তনগর, কমিউটার এবং লোকাল ট্রেন অন্তর্ভুক্ত। সব মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে, যেগুলো প্রতিদিন একাধিকবার যাতায়াত করত।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রূপসী বাংলা এক্সপ্রেস সাধারণত সকালে খুলনা থেকে ঢাকায় আসে। এরপর ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বেনাপোল যায় এবং সেখান থেকে পুনরায় খুলনায় ফিরে যায়। গতকাল বুধবার ট্রেনটি খুলনা থেকে ঢাকায় পৌঁছালেও, ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙা স্টেশনে গিয়ে আর সামনে এগোতে পারেনি। ফলে এই ট্রেনটির যাত্রা স্থগিত রাখা হয় এবং আজ বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করেনি।
রেলের কর্মকর্তাদের মতে, গোপালগঞ্জের পাশাপাশি নড়াইল জেলাতেও সমস্যা বিরাজ করছে। এই নিরাপত্তাহীনতার কারণেই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস গতকাল রাজবাড়ীর কালুখালী পর্যন্ত যাওয়ার পর আর সামনে এগোতে পারেনি। পরবর্তীতে ট্রেনটিকে কালুখালী থেকেই পুনরায় চাঁপাইনবাবগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে এই ট্রেনটি শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ-কালুখালী পর্যন্ত চলাচল করবে।
রেলওয়ে সূত্র আরও জানিয়েছে, ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে চলাচলকারী ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের চলাচলও সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই ট্রেনটি প্রতিদিন একবার ঢাকা থেকে যায় এবং একবার ফিরে আসে, যা মূলত যাত্রীদের যাতায়াতের সুবিধা দিতে চালু করা হয়েছিল। গতকাল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ভাঙা পর্যন্ত যাওয়ার পর আটকে যায়। যাত্রীদের প্রবল চাপের মুখে এটি গোপালগঞ্জের কাশিয়ানী পর্যন্ত যেতে সক্ষম হয় এবং এরপর পুনরায় ঢাকায় ফিরে আসে। এই পরিস্থিতির কারণে আজ ট্রেনটি চালানো হচ্ছে না।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে গত ১০ আগস্ট এই কমিউটার ট্রেনটির চলাচল শুরু হয়েছিল।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী একটি লোকাল ট্রেন বর্তমানে গোবরা পর্যন্ত যাবে না। ট্রেনটি কালুখালী থেকেই ফিরে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, “ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখার বিষয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও অনুরোধ করেছেন। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে। এ ছাড়া ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেনগুলো চালু হবে।”
গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে। এই সময় একটি হাসপাতালে হামলা ও ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দলটির নেতা-কর্মীরা। আজ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এছাড়া স্থানীয় এমপির বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।