রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে কেবল মানবিক সহায়তা প্রদান করাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়শিবিরে তাঁদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাকের আয়োজনে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংলাপে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।"

অধ্যাপক তিতুমীর আরও মন্তব্য করেন যে, আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসা এবং সংকটের দীর্ঘসূত্রিতার কারণে বাংলাদেশের সীমিত সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, "রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।"

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে জানান, রোহিঙ্গারা কেবল দারিদ্র্যের কারণে নয়, বরং চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁদেরকে কেবল সাহায্যপ্রার্থী হিসেবে দেখার পরিবর্তে এমন পরিবেশ তৈরি করা প্রয়োজন যেন শরণার্থীরা নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান।

ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, "রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। ফলে দিন দিন সংকট বাড়ছে।"\ তিনি আরও বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানকালে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পরও যেন নিরাপদে থাকতে পারেন, সে লক্ষ্যে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এর জন্য বিদ্যমান নীতিমালায় পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।

সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে নানা প্রচেষ্টা চলছে, তবে খুব দ্রুত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। ফলে এই অপেক্ষার সময়টি তাঁদের বাংলাদেশেই কাটাতে হবে। তিনি বলেন, "রোহিঙ্গাদের জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে।"

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন।

অনুষ্ঠানে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ পরিচালিত দুটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণার শিরোনাম ছিল ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচলে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়, যার মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য ছিলেন।

গবেষণার তথ্যানুসারে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো পেশার সঙ্গে যুক্ত নন। কর্মরতদের বড় একটি অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর অথবা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান এবং প্রকল্প শেষ হয়ে গেলে কাজ বন্ধ হয়ে যায়। আয়ের অনিশ্চয়তার কারণে অধিকাংশের মৌলিক চাহিদা পূরণে ঘাটতি দেখা দিচ্ছে।

গবেষণায় দেখা গেছে, আয়ের সঙ্গে প্রত্যাবাসনের আগ্রহের একটি সম্পর্ক রয়েছে। আয়ের উৎস থাকা তরুণদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চাইলেও আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ। সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্তসাপেক্ষে মিয়ানমারে ফিরতে আগ্রহী। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে এই আগ্রহ বেড়ে হয় ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া কেবল নাগরিকত্ব দিলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে, স্থানীয় জনগোষ্ঠীর ৬৬ দশমিক ৭ শতাংশ তরুণ জানিয়েছেন যে রোহিঙ্গা সংকটের কারণে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭২ দশমিক ২ শতাংশ স্থানীয় তরুণ মনে করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫৭ দশমিক ৩ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মাঝেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসনের কথা বলেন। স্থানীয় তরুণদের ৯৫ দশমিক ৫ শতাংশই চান সরকার তাঁদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক।