মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে কোনো কঠোর রায় আসলেও তা কার্যকর করার ক্ষেত্রে বাস্তব সীমাবদ্ধতা থেকে যাবে। এম সাখাওয়াত হোসেনের মতে, এই মামলার রায়ের ফলে বাংলাদেশের তাৎক্ষণিক কোনো বিশেষ লাভ হবে বলে মনে হয় না। তবে রোহিঙ্গা সংকট নিরসনে এখন বাংলাদেশকেই বাস্তবসম্মত ও কার্যকর কৌশল খুঁজে বের করতে হবে।

সম্প্রতি রাজধানী ঢাকায় খুব কাছাকাছি সময়ে রোহিঙ্গাদের বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিনারটির আয়োজন করেছিল ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’। আর দ্বিতীয় সেমিনারটি আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির নীতি গবেষণা কেন্দ্র। প্রথম সেমিনারে উপস্থিত ছিলেন বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অন্যদিকে, দ্বিতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উভয় সেমিনারের মূল লক্ষ্য ছিল প্রায় এক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী বা রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর কৌশলপত্র তৈরি করা।

এটি অনস্বীকার্য যে, বর্তমান সরকার কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরত পাঠাতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।

স্মরণীয় যে, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ শত শত বছর ধরে বসবাসকারী রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু হয়। স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধ গোষ্ঠী এবং দেশটির সামরিক বাহিনীর নির্মম সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে তারা ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই মুসলিম।

সেই সময়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। গত ১০ বছরে এই সংখ্যা বেড়ে ১৪ লাখ বা তারও বেশি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছে। এই রোহিঙ্গাদের বড় একটি অংশ উত্তর রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডং এলাকার বাসিন্দা ছিল।

বিগত বছরগুলোতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। এমনকি তৎকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিবেশী ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনাশ পালিওয়াল তাঁর গবেষণাধর্মী বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট: আ নিউ হিস্টোরি র ৩০৫ পৃষ্ঠায় লিখেছেন, “ভারত সরকার ভূরাজনীতির সঙ্গে সাম্প্রদায়িকতাকে গুলিয়ে ফেলেছে।” তাঁর মতে, এই কারণেই বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও মিয়ানমারের ওপর কোনো প্রভাব বা চাপ সৃষ্টি করেনি ভারত।

পালিওয়াল আরও লিখেছেন, “রোহিঙ্গা সংকট সমাধানে চীনের উদ্যোগে চার দেশ—চীন, ভারত, মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে প্রস্তাবিত বৈঠকও ভারতের অনাগ্রহের কারণে বাতিল করতে হয়েছিল।” শুধু পালিওয়ালই নন, আরাকানবিষয়ক আন্তর্জাতিক গবেষক টিন শিন অংয়ের সাম্প্রতিক প্রবন্ধ ‘স্ট্র্যাটেজিক গ্যাম্বল: আরাকান আর্মি, রাখাইন অ্যান্ড ইন্ডিয়া’তেও একই ধরনের অভিমত প্রকাশ করা হয়েছে। সুতরাং বোঝা যায়, অতীতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও প্রত্যাবাসনের প্রশ্নে কোনো সহযোগিতা পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও তা পাওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে, মিয়ানমারের ওপর চীনের প্রভাব দেশটির স্বাধীনতার পর থেকেই অত্যন্ত প্রবল। চীন কেবল মিয়ানমারের উন্নয়ন সহযোগীই নয়, বরং দেশটির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর মিয়ানমারে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। চীনের ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ রাখাইনের বঙ্গোপসাগর উপকূলবর্তী কিয়াউকফিউতে গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে চীনের কুনমিং পর্যন্ত জ্বালানি পাইপলাইন ও রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে, ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি পরিবহন শুরু হয়েছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ এই প্রকল্পটিকে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর বলা হয়। এর মাধ্যমে চীন মালাক্কা প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথে জ্বালানি পরিবহনের সুযোগ তৈরি করতে চায়। সামগ্রিকভাবে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশটির বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর ওপরও চীনের উল্লেখযোগ্য প্রভাব বিদ্যমান।

ইতিমধ্যে রাখাইন (পূর্বতন আরাকান রাজ্য) মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছে। অঞ্চলটির অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ, চীনের আওতাধীন গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট দ্বীপ এবং রাজধানী সিত্তে ছাড়া রাখাইনের প্রায় পুরো অঞ্চলই এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার স্থল ও জলসীমান্তের রাখাইন অংশটিও বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এককথায়, রাখাইন অঞ্চলের প্রকৃত কর্তৃত্ব এখন আরাকান আর্মির হাতে।

রাখাইন রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আরাকান আর্মি আপাতত পূর্ণ স্বাধীনতা না চাইলেও ন্যূনতম স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে মিয়ানমারের রাষ্ট্রকাঠামোর ভেতরে থাকতে চাইবে। জানা গেছে, সংগঠনটি ইতিমধ্যে সেখানে বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। ফলে রাখাইনের যেকোনো বিষয়ে এখন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া নদীবন্দর ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বন্দর থেকেই প্রকল্পের যোগাযোগব্যবস্থা কার্যকর হওয়ার কথা। বর্তমানে পালেতওয়াসহ কালাদান প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে। একসময় মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং সংগঠনটির নেতাদের হত্যার অভিযোগ থাকলেও, ভারত এখন পালেতওয়া ও কালাদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসেছে।

রোহিঙ্গা সংকট সমাধানে কেবল দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক চাপ যথেষ্ট নয়। এমনকি গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যে রায়ই আসুক না কেন, তাতে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো কঠোর রায় এলেও তা কার্যকর করার বাস্তব সীমাবদ্ধতা থাকবে। ফলে এ মামলার রায়ে বাংলাদেশের বিশেষ কোনো তাৎক্ষণিক লাভ হবে বলে মনে হয় না। তবু রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকেই বাস্তবসম্মত কৌশল উদ্ভাবন করতে হবে। উপসংহারে এ বিষয়ে তিনটি পথ বিবেচনার সুপারিশ করা হলো।

প্রথমত, রাখাইনের ভবিষ্যৎ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এখন আরাকান আর্মির অবস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে তাই আরাকান আর্মির অস্তিত্ব ও কর্তৃত্ব বিবেচনায় নিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংগঠনটির সম্মতি না থাকলে তা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। একই সঙ্গে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় প্রস্তাবিত চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডর বাস্তবায়নের উদ্যোগ রোহিঙ্গা সংকট সমাধানের একটি সম্ভাব্য পথ হতে পারে। প্রস্তাবটি সরকারের বিবেচনায় রয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত করিডরটি রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন অঞ্চলের মধ্য দিয়েই বিস্তৃত হওয়ার কথা। এ ক্ষেত্রে চীন রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রয়োজন হবে আরও জোরালো আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং ২০০৭-১২ পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

মতামত লেখকের নিজস্ব।