বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের প্রায় পাঁচ দশকের ইতিহাস হতে চলেছে। ১৯৭৮ সালে প্রথমবার তারা এই ভূখণ্ডে আশ্রয় নিতে শুরু করে। বর্তমানে এই সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় এক দশক অতিবাহিত হলেও তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের পথে কোনো কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যায়নি; বরং সময়ের সাথে সাথে এই সমস্যাটি বাংলাদেশের জন্য আরও জটিল হয়ে উঠেছে। এই প্রতিকূল পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ৪ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এক সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি এবং পরিবেশের ওপর চরম চাপ সৃষ্টি করছে। তিনি এই সংকট নিরসনে চীনের বিশেষ সহযোগিতা কামনা করেন। জবাবে লিউ হাইশিং জানান, তিনি প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়গুলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে অবহিত করবেন। এই উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার বিষয়টি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এখন প্রশ্ন জাগে, চীন কি বর্তমানে ইচ্ছা করলেই এই সংকটের সম্পূর্ণ সমাধান করতে সক্ষম? বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এই সমস্যা সমাধানে চীনের যথেষ্ট কূটনৈতিক প্রভাব বিদ্যমান। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। দেশটির অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় বেইজিংয়ের ব্যাপক স্বার্থ জড়িত। ফলে মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে চীনের একটি বিশেষ অবস্থান রয়েছে। এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ তৈরি করা গেলে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে চীনের ভূমিকা নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। ২০১৭ সালে চীন তিন ধাপের একটি উদ্যোগের কথা জানিয়েছিল, যার মধ্যে সংঘাত বন্ধ করা, প্রত্যাবাসন এবং রাখাইন অঞ্চলের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি এবং চীনের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা কার্যকর করা সম্ভব হয়নি। ২০২১ সালেও চীনের উদ্যোগে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় প্রত্যাবর্তনের একটি পরীক্ষামূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, চরম নিরাপত্তাহীনতা এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ার কারণে এসব উদ্যোগ আশানুরূপ ফল বয়ে আনেনি।

রোহিঙ্গা প্রত্যাবর্তন কেবল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয় নয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, জীবিকার সুযোগ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া এই প্রত্যাবর্তন টেকসই হবে না। রোহিঙ্গারা যদি নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, তবে তাদের দেশে ফেরার সিদ্ধান্ত অনিশ্চিত হয়ে পড়বে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ২০২৩ সালের মার্চে স্পষ্ট করে জানিয়েছিল, রাখাইনের তৎকালীন পরিস্থিতি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য উপযোগী নয়। সংস্থাটি আরও বলেছিল, “প্রত্যেক শরণার্থীর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী স্বেচ্ছায় দেশে ফেরার অধিকার রয়েছে এবং কাউকে জোর করে ফেরত পাঠানো উচিত নয়।”

রোহিঙ্গা সংকট এখন আর কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সমস্যা হিসেবে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জাতিসংঘ, আসিয়ান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের স্বার্থ ও দায়িত্ব জড়িত। বিশেষ করে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইন রাজ্যে চলমান সংঘাত এই সংকটকে আরও জটিল করে তুলেছে। ফলে চীনের মধ্যস্থতার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় সম্পৃক্ত করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় চীনকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অংশীদার হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক উদ্যোগগুলোর সঙ্গে সমন্বয় রেখে এবং পরিপূরক ভূমিকা পালনে চীনকে সম্পৃক্ত করলে সহযোগিতা আরও শক্তিশালী হবে।

এই সংকটে বাংলাদেশের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়ে তাদের ব্যবস্থাপনার চাপ সামলানো। কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে জনসংখ্যার চরম ঘনত্ব, পরিবেশের দ্রুত অবক্ষয়, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পদের প্রতিযোগিতা, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ ক্রমেই প্রকট হয়ে উঠছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়নেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ ও জীবনযাত্রার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বর্তমান অবস্থায় বাংলাদেশের কূটনৈতিক কৌশলে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রথমত, চীনের সঙ্গে আলোচনাকে নিয়মিত ও কার্যকর পর্যায়ে নিতে হবে, যাতে উদ্যোগগুলো কেবল মৌখিক আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দ্বিতীয়ত, জাতিসংঘ ও আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। তৃতীয়ত, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা কামনা করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের প্রতিনিধিদের আলোচনায় সম্পৃক্ত করে তাদের প্রত্যাবর্তনসংক্রান্ত উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যাবাসনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ছাড়া তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নতুন কোনো মানবিক সংকট তৈরি করতে পারে। “প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায়। বাংলাদেশের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোহিঙ্গাদের মানবিক অধিকারও উপেক্ষা করার সুযোগ নেই।”

— ড. মো. সাহাবুল হক, অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।