নারী মুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক কবি বেগম সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে কবির স্মৃতিবিজড়িত বাসভবন ‘সাঁঝের মায়া’য় এই অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। বৃষ্টির প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও কবির পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী এবং কবিভক্তরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কবির কন্যা সুলতানা কামাল উপস্থিত সকলকে স্বাগত জানান। আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “কবি সুফিয়া কামাল মানুষের কল্যাণের চেষ্টা করে গেছেন। কবির প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।”

স্মরণানুষ্ঠানে কবির রচিত কবিতা পাঠ এবং তাঁর প্রিয় গান পরিবেশন করা হয়। কবির নাতনি ও প্রয়াত সাঈদা কামালের কন্যা ফারজীন আনসারী তিয়া কবির স্মরণে গান গেয়ে শোনান। এছাড়া ‘জননী সুফিয়া কামাল’ নামক স্মারকগ্রন্থ থেকে কবির সদ্য প্রয়াত বড় ছেলে শাহেদ কামাল এবং কনিষ্ঠ কন্যা সাঈদা কামালের লেখা পাঠ করেন নাহিদ শামস ও সোফিয়া হাসিন। এই পাঠ চলাকালীন পুরো আয়োজনে এক গভীর নীরবতা নেমে আসে এবং উপস্থিত পরিবারের সদস্য ও সুহৃদদের অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।

কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নাতনি দিয়া সুদেষ্ণা চক্রবর্তীর কণ্ঠে ধারণকৃত একটি অডিও গান অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। পাশাপাশি নির্ঝর চৌধুরী, জান্নাত এ-ফেরদৌসী ও শিল্পী সাহাও গান পরিবেশন করেন।

মহিলা পরিষদের সদস্য সুফিয়া আক্তার কবির সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, “কবির মতো নেত্রী, দেশপ্রেমিক আর দেখিনি, কখনো আর দেখবও না। তিনি নীরবে এত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা বলে শেষ করা যাবে না।” এরপর তিনি সুফিয়া কামালের ‘সাঁঝের মায়া’ কবিতাটি পাঠ করেন। মহিলা পরিষদের পক্ষ থেকে কবি সুফিয়া কামাল এবং তাঁর সদ্য প্রয়াত বড় ছেলে শাহেদ কামাল ও ছোট মেয়ে সাঈদা কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক খুশী কবির। এছাড়া মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সৈয়দ আবুল বার্‌ক্‌ আলভী, মহিলা পরিষদের সদস্য দিল আফরোজ, ছায়ানটের শিক্ষক জান্নাত এ ফেরদোসি, আইনজীবী নাহিদ শামসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বজনরা উপস্থিত ছিলেন।

এমএসএফের প্রধান নির্বাহী সাইদুর রহমান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এমএসএফের ‘এমপাওয়ারহার’ প্রকল্পের সমন্বয়ক নাজনীন শবনম।

১৯৯৯ সালের ২০ নভেম্বর ইন্তেকাল করেন ‘জননী সাহসিকা’খ্যাত সুফিয়া কামাল। ১৯১১ সালে বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। তিনি ছিলেন একাধারে কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী এবং ধর্মান্ধতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার এক অকুতোভয় যোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সুফিয়া কামালের জন্মলগ্নে নারীশিক্ষা ছিল অনেকটা নিষিদ্ধ। তিনি কেবল নিজের শিক্ষা নিশ্চিত করেননি, বরং পিছিয়ে পড়া নারীদের শিক্ষিত করার দায়িত্বও গ্রহণ করেন। নারীর অধিকার আদায়ের লড়াইকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি বাংলাদেশ মহিলা পরিষদ গঠন করেন।

ভাষা আন্দোলনে সক্রিয় এই কবি ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহলের নাম ‘রোকেয়া হল’ করার দাবিতে তিনি সোচ্চার ছিলেন। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে তিনি তার তীব্র বিরোধিতা করেন। এছাড়া শিশু সংগঠন ‘কচি-কাঁচার মেলা’র প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।