ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রহস্যময়ী এবং গোপনীয়তা পছন্দ করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী—এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর তিনি সবসময়ই এড়িয়ে এসেছেন। তবে এবার টালিউড মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি নিজেই, কারণ সামনে এসেছে তাঁর বিয়ের খবর। জানা গেছে, তাঁর হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, যিনি বিনোদন জগতের বাইরের একজন মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম 'সংবাদ প্রতিদিন'-এর এক প্রতিবেদনে বিয়ের আয়োজনের বিস্তারিত তথ্য উঠে এসেছে। সেখানে জানানো হয়েছে, কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন করা হবে। এছাড়া জলপাইগুড়ির পান্ডাপাড়ায় অবস্থিত মিমির মামাবাড়িতেও এখন চলছে ব্যাপক প্রস্তুতি। পরিবারের সদস্যদের মধ্যে এই আয়োজন নিয়ে যেমন আনন্দ, তেমনি ব্যস্ততাও তুঙ্গে। তবে এই পুরো বিষয়টি নিয়ে মিমি নিজে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

বিয়ের কার্ডে মিমির তিন প্রিয়জন
মিমির বিয়ের আমন্ত্রণপত্রটি একটি বিশেষ কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কার্ডে বর ও কনের পাশাপাশি দেখা যাচ্ছে তাঁর তিন প্রিয় পোষ্য কুকুরের ছবি—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। মিমির জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তিন পোষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাগ করে নেন এই অভিনেত্রী। প্রাণীদের প্রতি মিমির ভালোবাসা দীর্ঘদিনের। পোষ্যদের তিনি কেবল শখের সঙ্গী হিসেবে দেখেন না, বরং পরিবারের সদস্য হিসেবেই বড় করে তুলেছেন। জীবনের এত গুরুত্বপূর্ণ একটি আয়োজনের আমন্ত্রণপত্রে তাঁদের স্থান দেওয়া মিমির ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিয়ের কার্ডের নকশা নিয়ে মিমির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন, “তিনি জীবনে কাউকে হতাশ করেননি, ইতিবাচক থাকতে ভালোবাসেন এবং সবাইকে খুশি রাখতে চান।” তবে তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছেন। তাঁর এই রহস্যময় উত্তর বিয়ের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।

কলকাতা থেকে কালিম্পং, দুই জায়গায় উৎসব
'সংবাদ প্রতিদিন'-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে সেখানেই বাগ্‌দান এবং অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিয়ের বিশেষ আয়োজন। দুটি ভিন্ন স্থানে অনুষ্ঠান হওয়ায় আত্মীয়স্বজনদের মধ্যেও ভাগাভাগি করা হয়েছে।

জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়ির আত্মীয়র সংখ্যা পঞ্চাশের বেশি। তাঁদের একটি অংশ কলকাতার অনুষ্ঠানে অংশ নেবেন এবং বাকিরা যাবেন কালিম্পংয়ে। মিমির মামা রাম চক্রবর্তী 'সংবাদ প্রতিদিন'-কে জানিয়েছেন, ভাগনির বিয়ে তাঁদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তিনি বলেন, “মিমির পছন্দ ও ইচ্ছাকে গুরুত্ব দিয়েই আয়োজন করা হচ্ছে সবকিছু।” তবে হবু বর সম্পর্কে পরিবারের সদস্যরা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

কে এই সিদ্ধার্থ দত্ত?
মিমির বিয়ের খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছেন সিদ্ধার্থ দত্ত। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি বিনোদন জগতের সাথে যুক্ত নন। ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিদ্ধার্থ ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা।

ছোট পর্দা থেকে বড় পর্দা: মিমির জনপ্রিয়তার পথচলা
১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তীর জন্ম। জলপাইগুড়ির সঙ্গে তাঁর শৈশবের স্মৃতিগুলো গভীরভাবে জড়িয়ে আছে। পড়াশোনা ও অভিনয়ের প্রয়োজনে কলকাতায় আসলেও উত্তরবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। মামা রাম চক্রবর্তীর মতে, সুযোগ পেলেই মিমি জলপাইগুড়িতে ছুটে আসেন। পাড়া, বাড়ি ও মামাবাড়ির পরিচিত পরিবেশের সঙ্গে তিনি এখনো গভীরভাবে যুক্ত।

মডেলিংয়ের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করলেও ২০১০ সালে প্রচারিত বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’-র মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। সেখানে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। এই সংগীতনির্ভর ধারাবাহিকের মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে মিমি পরিচিত হয়ে ওঠেন।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’ সিনেমাটি তাঁকে আরও জনপ্রিয় করে তোলে। বাণিজ্যিক সিনেমার প্রচলিত নায়িকার ছকের বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার প্রবণতা ছিল তাঁর অভিনয়জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

এরপর তিনি ‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’ এবং ‘মিনি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক এবং ভিন্নধর্মী চরিত্রেও তাঁর অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে।

বাংলাদেশেও মিমির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশের দর্শকদের কাছে তাঁর পরিচিতি আরও বহুগুণ বেড়েছে। এই ছবির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই ব্যাপক আলোচিত হয়েছিল।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও পা রেখেছিলেন মিমি। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন তিনি। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন এবং ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।