ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক সাধারণ মেয়ে তনুশ্রী রায় দাস। বর্তমানে তিনি তাঁর স্পষ্ট কথা বলার ধরন এবং সাহসী ব্যক্তিত্বের কারণে বাঙালির ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন। তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে এক দীর্ঘ পথচলা।
কয়েক বছর আগে পর্যন্ত তনুশ্রীর পরিচয় ছিল কেবল একজন মা এবং গৃহিণী হিসেবে। কিন্তু করোনা মহামারীর পরবর্তী সময়ে তিনি নিজের ভেতরের সক্ষমতাকে নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যেই তিনি প্রথমে ফেসবুক লাইভের মাধ্যমে শাড়ি, গয়না এবং বিভিন্ন অনুষঙ্গ বিক্রির ব্যবসা শুরু করেন। লাইভে তাঁর সাবলীল ও স্বতস্ফূর্ত কথা বলার ভঙ্গি দর্শকদের খুব দ্রুত আকৃষ্ট করে এবং তিনি অল্প সময়েই ব্যাপক পরিচিতি লাভ করেন।
অনলাইনে ব্যবসার এই অভাবনীয় সাফল্য তনুশ্রীকে আরও উৎসাহিত করে। ফলে তিনি অফলাইনেও নিজস্ব দোকান খোলেন এবং ব্যবসা সম্প্রসারণ করেন। তবে তাঁর জীবনের নতুন মোড় আসে যখন তিনি বিগ বস বাংলার প্রতিযোগিতায় সুযোগ পান। এই রিয়েলিটি শো-তে তাঁর স্পষ্ট কথা বলার ধরন এবং সত্য কথা বলার সাহস তাঁকে দর্শকদের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন তিনি পরিচিত হয়েছেন একজন ‘ঠোঁট কাটা’ প্রতিযোগী হিসেবে, যিনি কোনো রাখঢাক ছাড়াই নিজের মতামত প্রকাশ করেন।
এখানে তনুশ্রীর একগুচ্ছ ছবি তুলে ধরা হলো।