রাজধানীর বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুরের গাড়িতে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। দলটির দাবি, দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই পতিত ফ্যাসিবাদী শক্তি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে।
আজ বৃহস্পতিবার এবি পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। সেখানে বলা হয়, বুধবার রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে মজিবুর রহমান মঞ্জুরের পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করার পরপরই দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে তাদের তৎপরতার আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়া জানান। তারা বলেন, “একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, “আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।” দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো দাবি জানানো হয়েছে।