রাজধানীর সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যাকাণ্ডের দীর্ঘ পাঁচ বছর পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্যের কথা জানান এম এন মোর্শেদ। তিনি জানান, গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিস্তারিত বর্ণনা করে এসপি এম এন মোর্শেদ বলেন, ‘২০২১ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টার মধ্যে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদলকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে আশুলিয়া থানা পুলিশ তদন্ত করে। প্রায় ছয় মাস পর পুলিশসদর দপ্তরের নির্দেশে তদন্তভার নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্তের পর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে দেন। পরে পিবিআইয়ের এসআই ফরহাদ মোল্লা মামলাটির তদন্তভার পান।’
তদন্তকারী কর্মকর্তা মোর্শেদ জানান, পিবিআইয়ের তদন্ত এবং আসামির আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও আশপাশের নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন বাদল। সেখানে মোর্শেদ (৩৪) নামে তৃতীয় লিঙ্গের অন্য এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বাদল প্রায়ই মোর্শেদের ভাড়া বাসায় যাতায়াত করতেন।
অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কর্মরত থাকাকালীন বাদলের সঙ্গে পরিচয় হয় সুজনের। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সুজন মোবাইল ফোনের মাধ্যমে বাদলের সঙ্গে যোগাযোগ করেন। এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে আলোচনার এক পর্যায়ে বাদল তাকে নিজের বাসায় আসার কথা বলেন।
পুলিশ সুপার জানান, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সুজন ওই বাসায় পৌঁছান। তবে সেখানে কাঙ্ক্ষিত তরুণীকে না পেয়ে তিনি কারণ জানতে চান। সেই মুহূর্তে বাদল নিজেই সুজনের সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সুজন এই প্রস্তাবে রাজি না হলে বাদল তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে নেন। পাশাপাশি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অথবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতি হয়।
পিবিআই কর্মকর্তা মোর্শেদ বলেন, ‘সুজন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুসি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। পরে সুজন তার গলায় গামছা প্যাঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি।’
পিবিআই সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, ‘আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালায়। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনো চলমান।’