সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের সন্তান। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংগঠনটির ওই কমিটির সভাপতি আব্দুল হামিদ মন্ডল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। ঠিক সেই মুহূর্তেই একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, "গত রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"