সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের সিরাজগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের পুত্র ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের পুত্র মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের পুত্র মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বহুলী গ্রামের মৃত জামাত আলীর পুত্র মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মো. আবু হাসান (২০)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।”