সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল রাব্বি (৪১) এবং শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫)।

ঘটনা প্রসঙ্গে ওসি রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ এবং শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে পৃথক অভিযান চালানো হয়। সেই অভিযানের মাধ্যমেই তাদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।