রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাসে আগুন দেওয়ার ঘটনা, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে বৃহস্পতিবার সকালেও গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি বাসা-বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সহিংসতার এই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই উপজেলার অন্য একটি স্থানে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। খবর পাওয়ার পর পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

অন্যদিকে, একই উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে।

বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল জানান, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো তৎপরতা প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।”