ইরানের ভূখণ্ডে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক জলাধার এবং পানি সরবরাহ ব্যবস্থার রহস্য নিয়ে দীর্ঘকাল ধরে ধাঁধায় ছিলেন পরিবেশবিদরা। দেশটির বিভিন্ন প্রান্তে নির্মিত অসংখ্য জলাধারের পাশাপাশি রয়েছে বিস্তৃত পাইপলাইন ও সুড়ঙ্গ। বিশেষ করে এমন সব দুর্গম ও অপ্রাসঙ্গিক অঞ্চলে এই অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে সাধারণ দৃষ্টিতে সেগুলোর প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায় না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করে। এই ঘটনার পর অনেক বিশ্লেষক মনে করছেন, পরিবেশবিদদের দীর্ঘদিনের সেই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেছে। কারণ, যেসব এলাকায় হামলা চালানো হয়েছে, সেখানে ইরানের জলাধার ও পানি প্রকল্পগুলো অবস্থিত। ধারণা করা হচ্ছে, সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই অবকাঠামোগুলো গড়ে তোলা হয়েছে।
পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি এবং জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তাঁর গবেষক দল দীর্ঘ বছর ধরে ইরানে জলাধারের এই আধিক্য পর্যবেক্ষণ করছেন। পরিসংখ্যানে দেখা যায়, ইরানে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। এই পরিস্থিতি নিয়ে শোকরি বলেন, ‘এত জলাধার তৈরি করা হচ্ছে কেন, তা সব সময় আমাদের ধাঁধায় ফেলেছে?’
চলতি বছরের শুরুতে ইরানের যুদ্ধের খবর পড়ার সময় নিমা শোকরির চোখে পড়ে একটি মানচিত্র। সেখানে ইরানের গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনার অভিযোগে বিমান হামলা চালানো এলাকাগুলো চিহ্নিত ছিল। তিনি লক্ষ্য করেন, মানচিত্রে উত্তর থেকে দক্ষিণে সাজানো হামলার স্থানগুলো তাঁর তৈরি জলাধারের অবস্থানের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। এই অদ্ভুত মিল দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘যেখানে ইরানের জলাধার আছে, তার কাছাকাছিই ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কেন?’
নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা পানি ও সামরিক বিশেষজ্ঞগণ এই প্রশ্নের সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মতে, জলাধার থেকে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, যা উন্নত প্রযুক্তির সামরিক স্থাপনা পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। ফলে জলাধারের নিকটবর্তী স্থানে সামরিক ঘাঁটি গড়ে তোলার যৌক্তিকতা থাকে।
ইরানে মাটির গভীরে নির্মিত অনেক সামরিক স্থাপনা রয়েছে, যেগুলোকে ‘ক্ষেপণাস্ত্রের শহর’ বলা হয়। পাহাড়ের গভীরে খুঁড়ে তৈরি করা এই সুড়ঙ্গ ও কক্ষগুলোর প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এখানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, মজুত এবং মোতায়েন করা হয়। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ও সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির মতে, ইরানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্রসংক্রান্ত স্থাপনা রয়েছে। তিনি উল্লেখ করেন, উত্তর কোরিয়া ছাড়া খুব কম দেশেই ইরানের মতো এত বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক ব্যবস্থা দেখা যায়।
তবে ইরানে পানিসংকট একটি গুরুতর সমস্যা, তাই জলাধারের বেসামরিক প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। নিমা শোকরি জানান, অনেক জলাধার সেচ, পানি সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজে ব্যবহৃত হয়। তাই এই জলাধারগুলোর সম্ভাব্য সামরিক ভূমিকা যেন সেগুলোর বেসামরিক প্রয়োজনীয়তাকে আড়াল না করে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের প্রত্যন্ত অঞ্চলের গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এটি ২০১৮ সালে বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের রহস্যের দিকেও ইঙ্গিত দেয়। সে সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা অনেক সংরক্ষণকর্মীকে আটক করেছিল। নিউইয়র্ক টাইমস এ বিষয়ে মন্তব্য চাইলে আইআরজিসি কোনো সাড়া দেয়নি। তবে পরিবেশবিদদের সন্দেহ, ওই সংরক্ষণকর্মীরা হয়তো ঘটনাক্রমে স্পর্শকাতর সামরিক স্থাপনার সন্ধান পেয়ে গিয়েছিলেন।
২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে আইআরজিসি কয়েক ডজন সংরক্ষণকর্মীকে আটক করে, যাদের মধ্যে পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কাভুস সৈয়দ-ইমামি ছিলেন। রাষ্ট্রীয় হেফাজতে তাঁর মৃত্যু হয় এবং সংগঠনের আরও কয়েকজন সদস্য দীর্ঘকাল কারাগারে নির্যাতনের শিকার হন। ইরানি কর্তৃপক্ষের দাবি ছিল, প্রাণীর আবাসস্থল পর্যবেক্ষণের কথা বলে ক্যামেরা বসিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। এই প্রসঙ্গে পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি নাকি টিকটিকিজাতীয় প্রাণীকে গুপ্তচরবৃত্তি করার প্রশিক্ষণ দিয়েছি।’
ওয়াশিংটনে নির্বাসিত পানি বিশ্লেষক নিক কাওসার মনে করেন, ‘আমার মনে হয়, এসব স্থাপনার আশপাশে মাঠপর্যায়ে কাজ করা যে কাউকেই বিপ্লবী গার্ড বাহিনী সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকতে পারে—এমনকি তাঁরা বন্য প্রাণী সংরক্ষণকর্মী হলেও।’
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভাইন ক্যাম্পাসের বিশেষজ্ঞ আমির আগাকুচাক ইরানের জাগরোস পার্বত্য অঞ্চল থেকে ইয়াজদ প্রদেশে পানি স্থানান্তরের একটি বিশাল প্রকল্প নিয়ে সন্দিহান ছিলেন। গত মার্চে ইয়াজদে বিমান হামলার পর ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনার খবর প্রকাশিত হয়। এর পর আগাকুচাক মনে করেন, ওই পানি প্রকল্পের পেছনে সামরিক কারণ থাকতে পারে।
মোরাদ তাহবাজ জানান, কারাগারে থাকার সময় হরমুজগান প্রদেশে তাঁদের কাজ নিয়ে জিজ্ঞাসাবাদকারীরা অত্যন্ত সংবেদনশীল ছিলেন, যেখানে বিরল বুনো ভেড়া রক্ষার প্রকল্প ছিল। গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয় হরমুজগানের তারোম সংরক্ষিত এলাকায়। মার্কিন বাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা। সামরিক বিশেষজ্ঞ নাদিমি বলেন, ওই অঞ্চলের একটি জায়গায় মাটির গভীরে ক্ষেপণাস্ত্রঘাঁটি নির্মাণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। হামলার স্থানটি তার থেকে খুব দূরে নয়।
নিউইয়র্ক টাইমসের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরানের জলাধারগুলো নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। এর মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।’
জাতিসংঘে ইরানের মিশনও একই কথা বলেছে। মেহর নিউজের বরাতে জানা গেছে, মিশনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে আরও হামলা ও যুদ্ধাপরাধের অজুহাত তৈরি করা। বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক জলাধার ও পানি সরবরাহ অবকাঠামোয় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। এ ধরনের হামলার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করতে হবে।