নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া ডিইপিজেড এলাকায় পার্কিং করা একটি খালি ট্রাকে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নতুন জোনের (ডিইপিজেড) প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। সকালে ইপিজেড ফায়ার স্টেশনের লিডিংম্যান সুব্রত এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভোর ৪টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছায়।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লিডিংম্যান সুব্রত জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে পুরো ট্রাকটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনে ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।