গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকেই এই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকেরা। ফলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

সাতক্ষীরা শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টারগুলোর সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেশ কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে ওই রুটে আর কোনো বাস পাঠানো হয়নি।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, যানবাহনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চালানো হচ্ছে। যদিও এই বিকল্প পথে যাতায়াতে যাত্রার সময় অনেক বেড়ে যাচ্ছে।

হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস বৃহস্পতিবার সকালে বলেন, “আজ সকাল থেকে কোনো পরিবহন ছেড়ে যায়নি। সমস্যা সমাধান হলে আবার বাস চলাচল চালু হবে।”

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, বুধবার সকালে তাদের কয়েকটি গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে গিয়েছিল। কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ হওয়ায় দুপুর থেকে ওই রুটে আর গাড়ি পাঠানো হয়নি।

অন্যদিকে, এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান বলেন, “নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সব পরিবহনের চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার থেকে বিকল্প পথে ফেরিঘাট হয়ে কিছু গাড়ি ঢাকায় যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়বে না।”

যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রোকন কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমানের আজ ঢাকায় একটি জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল। তিনি বলেন, “আজ ঢাকায় প্রধান কার্যালয়ে জরুরি মিটিং আছে। কাউন্টারে এসে দেখি কোনো গাড়িই ঢাকায় যাচ্ছে না। এখন কীভাবে পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

আরেক যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, “জরুরি কাজে আজই ঢাকায় যেতে হতো। কাউন্টারে এসে জানলাম, পদ্মা সেতু হয়ে কোনো বাস যাবে না। বিকল্প পথে সময় বেশি লাগবে, আবার পথে কী পরিস্থিতি হয়, সেই ভয়ও আছে।”

পরিবহন শ্রমিকদের মতে, দূরপাল্লার কোনো বাস ক্ষতিগ্রস্ত হলে মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি চালক ও সহকারীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে বাস চালাতে তারা অনাগ্রহী। সড়কে নিরাপত্তা নিশ্চিত হলে এই রুটে বাস চলাচল পুনরায় স্বাভাবিক করার কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী বলেন, “সাতক্ষীরা বাস চলাচলে নিরাপত্তার কোন সমস্যা নেই। তবে ঢাকা যাওয়ার পথে কিছু জায়াগায় নিরাপত্তা সমস্যার কারনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।”