সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করার ফলে আজ বৃহস্পতিবার দিনভর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কোনো বাস চলাচল করেনি। এর ফলে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। তবে সন্ধ্যার পর বাস ছাড়তে পারে—এমন আশায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। অন্যদিকে, পদ্মা সেতু হয়ে বরিশালের পথেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বাস চলাচল করেছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখে। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই পরিস্থিতির কারণে আতঙ্কে বাস চালাতে রাজি হননি মালিক ও শ্রমিকেরা। সাধারণত সপ্তাহের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার যাত্রীদের প্রচুর চাপ থাকে, তবে আজ টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। কিছু পরিবহন কোম্পানি বিকল্প পথে সীমিত পরিসরে বাস পরিচালনা করেছে। কেউ কেউ সন্ধ্যার পর বাস ছাড়ার পরিকল্পনা করে টিকিট বিক্রি করেছেন।
বিকেলে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা রেজাউল করিম মুক্তকণ্ঠকে বলেন, “জরুরি কাজে যশোরে যেতে হবে। বেলা ২টায় টার্মিনালে এসে দেখেন বাস চলছে না। বাস আদৌ চলবে কি না, কাউন্টারের কর্মীরা নিশ্চিত করতে পারছেন না।” সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন জানিয়ে রেজাউল বলেন, বাস না পেলে কাল আবার চেষ্টা করবেন।
নড়াইল যাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ফুলবাড়িয়া টার্মিনালে এসেছিলেন আফরোজা বেগম। জরুরি প্রয়োজন থাকায় তিনিও সেখানে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কাছাকাছি কোনো গন্তব্যের বাস পাওয়া যায় কি না, সেই চেষ্টাও চালান আফরোজা। শেষ পর্যন্ত তা না পেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।
ফুলবাড়িয়া টার্মিনালের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কর্মী তূর্য ইসলাম বলেন, “সারা দিন বাস চলেনি। বিকেল পাঁচটার পর ভাঙ্গা হয়ে খুলনার উদ্দেশে পাঁচ-ছয়টি বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত বদলাতে পারে।” তিনি আরও জানান, বৃষ্টির কারণে যাত্রীর চাপও কম ছিল।
গোপালগঞ্জ হয়ে বাস চলেনি
রাজধানীর ফুলবাড়িয়া ও সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করে দোলা পরিবহন। ফুলবাড়িয়ায় তাদের কাউন্টার থেকে জানানো হয়, তারা সকাল থেকে বাস চালাচ্ছেন না। বুধবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ফেরত এসেছে। এতে একদিকে যেমন জ্বালানি খরচ হয়েছে, অন্যদিকে যাত্রীদের টাকা ফেরত দিতে হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে চলাচলকারী ইমাদ পরিবহনের কাউন্টারের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন তাদের ৮০ থেকে ৮৫টি বাস চলাচল করে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত একটি বাসও চলেনি।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকাল থেকে তাঁদের কোনো বাস ছাড়েনি। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে তিন-চারটি স্থানে সড়ক অবরোধ করা হয়েছে। বাস ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে বাস চালানো সম্ভব হচ্ছে না।”
বরিশালে সীমিত চলাচল, খুলনায় বিকল্প পথে
সায়েদাবাদের বরিশাল এক্সপ্রেসের কাউন্টার থেকে জানানো হয়, মাদারীপুরের একটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। তাদের মোট ছয়টি বাসের মধ্যে মাত্র দুটি বাস চলাচল করতে পেরেছে। সন্ধ্যার পর আরও কিছু বাস ছাড়ার প্রস্তুতি চলছে।
সন্ধ্যার পর সায়েদাবাদ টার্মিনাল থেকে বরিশালের পথে কিছু বাসে যাত্রী তুলতে দেখা যায়, যার মধ্যে মেঘনা পরিবহন অন্যতম। কাউন্টারের কর্মীরা জানান, সারা দিনে তাদের মাত্র একটি বাস চলেছে। সাকুরা পরিবহনের কয়েকটি বাস চলাচল করেছে।
গোপালগঞ্জ এলাকা এড়াতে কোনো কোনো কোম্পানি পদ্মা সেতুর বদলে পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি হয়ে ঘুরপথে খুলনাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়েছে। এর মধ্যে শান্তি পরিবহন ও গ্রিন এক্সপ্রেসের বাস বিকল্প পথে চলতে দেখা যায়। ওই দুটি পরিবহনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মীরা জানান, বিকল্প পথে ১০০ কিলোমিটারের বেশি অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। এই কারণে ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে।