যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় পেট্রোল ঢেলে সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে কেয়াবাগান এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়। তাঁর পাশাপাশি জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপর তারা বোতল থেকে সড়কের ওপর পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বালানোর সময় তাদের মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। অল্প কিছু সময় সেখানে অবস্থান করার পর তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এই স্পর্শকাতর বিষয়ে বিস্তারিত জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সঙ্গে তাঁর সরকারি মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি ফোনটি রিসিভ করেননি।