সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মো. নুরুল আফছার। বর্তমানে তিনি ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত আছেন।
দীর্ঘ ৩৩ বছরের সমৃদ্ধ ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন মো. নুরুল আফছার তার নিজস্ব উদ্যোগ এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সক্রিয় সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
ব্যবসায়িক ক্ষেত্রে তার অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নুরুল আফছার সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও যুক্তরাজ্যের মতো বিভিন্ন দেশ থেকে বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। তার অর্জিত সম্মাননাগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক এন্টাপ্রেনিউর অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ সম্মাননা বিশেষভাবে উল্লেখযোগ্য। পেশাগত কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে তিনি বেশ কিছু স্বনামধন্য ক্লাব ও সামাজিক সংস্থার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।