থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের জরুরি চাহিদা মেটানো এবং এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাথে যৌথ সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।

গত মঙ্গলবার রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই রক্তদান কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বা সিএসআর-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রেনাটার কর্মীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান। এছাড়া রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়া এবং তাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা সম্ভব হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।” এই মানবিক উদ্যোগের জন্য তিনি রেনাটা পিএলসিকে আন্তরিক ধন্যবাদ জানান।

রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, মানসম্পন্ন ওষুধ উৎপাদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার পাশে দাঁড়ানো রেনাটার অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি রোগীদের জীবনমান উন্নয়নের জন্য কেবল চিকিৎসা নয়, বরং সবার সম্মিলিত মানবিক প্রচেষ্টা এবং সহানুভূতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, রেনাটা পিএলসির অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ বলেন, “রেনাটা পিএলসিতে আমরা বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে রোগীদের সেবা প্রদান এবং তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করছি। তবে ওষুধ উৎপাদনের পাশাপাশি মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই আমরা রেনাটা ক্যানসার কেয়ার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। এর মাধ্যমে রোগীদের মানসিক সহায়তা, রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, সচেতনতা বৃদ্ধি, ওষুধসংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।”

আয়োজকদের মতে, এই উদ্যোগটি কেবল রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি থ্যালাসেমিয়া রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা এবং সচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত প্রচেষ্টা। দিনব্যাপী এই রক্তদান কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেনাটার হেমাটোলজি প্রোডাক্ট ম্যানেজার সুদীপ্ত সাকিব দুরন্ত।