সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লকডাউন কর্মসূচির একটি ব্যানার টানানোর এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। গভীর রাতের অন্ধকারে দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে ওই ব্যানারটি স্থাপন করেন এবং পুরো ঘটনার একটি ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের একটি ব্যানার টানছেন। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল নিজের ফেসবুক আইডিতে এই ঘটনার ভিডিওটি পোস্ট করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের জানান, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ সম্পন্ন করেছিলেন। কাজ শেষ করে সবাই নিজ নিজ বাসায় ফিরে যান। কার্যালয়ের দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন, তবে ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি দাবি করেন, সেই সুযোগটি নিয়ে কেউ চোরের মতো এসে ব্যানারটি টানিয়ে ভিডিও ধারণ করেছেন।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমিয়ে থাকে। এ সময় কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটিকে রাজনীতি বলা যায় না। রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়।”

ঘটনাটিকে রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার।”