জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু আবরার রহমানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় দুই লাখ টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন রাজমিস্ত্রি বাবা আব্দুল হালিম। সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহনে তার চরম অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে শিশুটির পরিবারকে প্রাথমিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে গিয়ে আব্দুল হালিমের হাতে নগদ অর্থ তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু আবরারের অস্ত্রোপচারের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। তবে সীমিত আয়ের কারণে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা তার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এই করুণ পরিস্থিতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নজরে আসে।
বর্তমানে শিশু আবরার ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরে অবস্থিত রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। সেখানে ৩ নম্বর শয্যায় তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস জানান, পূজার সময় বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় শিশুটির বাবা তাদের কাছে সহায়তার আবেদন জানিয়েছিলেন। পরবর্তীতে শুক্রবার রাতে আতিকুর রহমান রোমন একটি সংবাদপত্রের মাধ্যমে শিশুটির অসুস্থতার কথা জানতে পারেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তারা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আরও জানান, শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে বিএনপি নিয়েছে।
নিজের অসহায়ত্বের কথা বর্ণনা করে শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার ছিল না। পরে বিষয়টি সাংবাদিক ও বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাই। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে কায়েস ভাই আমার হাতে ৫০ হাজার টাকার একটি খাম তুলে দিয়েছেন। পাশাপাশি আমার সন্তানের চিকিৎসার সব ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”
সন্তানের কঠিন সময়ে এমন মানবিক সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল হালিম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল্লাহ আল কায়েস এবং বিএনপি দলের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান।