বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়নস লিগের মুকুট এবং দুইবার ইউরোপা লিগের শিরোপা জয়—সব মিলিয়ে এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের তারকা মিডফিল্ডার হুয়ান মাতা। স্পেনের সোনালি প্রজন্মের সদস্য হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার গৌরবও রয়েছে তাঁর ঝুলিতে। ক্লাব ফুটবলে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করা এই তারকা ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায়ের মুহূর্তে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার অর্থ ছেড়ে দেওয়া। ধন্যবাদ, ফুটবল।’

গত বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান মাতা। প্রায় ৫০ সেকেন্ডের সেই ভিডিওটি ধারণ করা হয়েছে স্পেনের ওভিয়েদোর একটি ছোট ক্লাবের ড্রেসিংরুমে। শৈশবে যে ক্লাবে ফুটবলের হাতেখড়ি হয়েছিল, সেই হুভেন্তুদ এস্তাদিওর ড্রেসিংরুমে নিজের বুটজোড়া রেখে দিয়ে প্রতীকীভাবে ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি।

ভিডিওর পাশাপাশি প্রকাশিত এক দীর্ঘ বিদায়ী বার্তায় নিজের ফুটবলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেছেন মাতা। কেন তিনি এত দীর্ঘ সময় খেলেছেন, ফুটবল তাঁর জীবনকে কীভাবে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে এই খেলার সঙ্গে কীভাবে যুক্ত থাকতে চান, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই স্প্যানিশ তারকা।

মাতা বলেন, ‘এত বছর ধরে ফুটবল খেলতে পেরেছি, কারণ আমি খেলাটি উপভোগ করেছি। প্রতিদিন সকালে অনুশীলন আর ম্যাচ খেলার আগ্রহ নিয়ে ঘুম থেকে উঠতাম। সেটা ওল্ড ট্রাফোর্ড, স্ট্যামফোর্ড ব্রিজ কিংবা মেস্তায়ার মতো অসাধারণ স্টেডিয়ামেই হোক, অথবা ক্যারিয়ারের শুরুর দিকের সেই মাঠে, যেখানে প্রতি শীতেই কাদায় ভরে যেত। আমার মনে হয়, জীবনের সবকিছুতেই এই ভালোবাসা ও আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

২০০৬ সালে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন মাতা। তবে রিয়াল মাদ্রিদের মূল দলে খেলার সুযোগ পাননি তিনি। এরপর ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেন এবং সেখানেই ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন এই বাঁ পায়ের মিডফিল্ডার। ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম মৌসুমেই বড় সাফল্যের স্বাদ পান তিনি; ২০০৮ সালে কোপা দেল রে জয় করে দলটিকে চ্যাম্পিয়ন করেন। স্প্যানিশ ক্লাবটিতে চার মৌসুম কাটানোর পর ২০১১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসিতে যোগ দেন তিনি।

স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো সময়টি ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান মাতা। ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে চেলসি প্রথমবারের মতো ইউরোপের সেরা হয়। একই বছর তিনি এফএ কাপও জয় করেন। পরের মৌসুমে চেলসির হয়ে ইউরোপা লিগ শিরোপাও জেতেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মাঠের ভেতরে তাঁর সৃজনশীলতা, নিখুঁত পাস এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরির অসাধারণ দক্ষতা তাঁকে সমর্থকদের অত্যন্ত প্রিয় করে তোলে। টানা দুই মৌসুমে চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।

২০১৪ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ আট বছর কাটান তিনি। এই সময়ে ইউনাইটেডের হয়ে ২০১৬ সালে এফএ কাপ এবং ২০১৭ সালে লিগ কাপ ও ইউরোপা লিগ জেতেন। ২০১৬ সালের এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি।

ক্লাব ফুটবলের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়েও তাঁর অর্জন ছিল চোখে পড়ার মতো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপাজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপেও সাফল্য পান মাতা। ইতালির বিপক্ষে ফাইনালে স্পেনের ৪-০ গোলের জয়ে শেষ গোলটি করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৪১ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরও ফুটবল থেকে দূরে যাননি মাতা। নতুন অভিজ্ঞতার খোঁজে তিনি পাড়ি জমান তুরস্কে এবং গ্যালাতাসারাইয়ের হয়ে তুর্কি লিগের শিরোপা জেতেন। এরপর জাপানের ভিসেল কোবের হয়েও লিগ চ্যাম্পিয়ন হন তিনি। ক্যারিয়ারের শেষ অধ্যায়টি অতিবাহিত করেন অস্ট্রেলিয়ায়। ২০২৪ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে যোগ দেওয়ার পর পরের বছর নাম লেখান মেলবোর্ন ভিক্টরিতে। ৩৭ বছর বয়স ছাড়িয়ে গেলেও মাঠে নিজের দক্ষতা বজায় রেখেছিলেন তিনি।

বরং অস্ট্রেলিয়ায় শেষ মৌসুমে নতুন করে আলোচনায় আসেন মাতা। ২০২৫-২৬ মৌসুমে মেলবোর্ন ভিক্টরির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১৩টি গোল। এই অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার এ-লিগের সেরা ফুটবলারের পুরস্কার ‘জনি ওয়ারেন মেডেল’ জেতেন তিনি। পাশাপাশি মেলবোর্ন ভিক্টরির বর্ষসেরা খেলোয়াড়, সতীর্থদের ভোটে সেরা খেলোয়াড় এবং মৌসুমের সেরা গোলের পুরস্কারও পান তিনি।

গত সেপ্টেম্বরে মেলবোর্ন ভিক্টরির হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানালেও তখনই অবসরের ঘোষণা দেননি মাতা। নতুন ক্লাবের সন্ধান করবেন নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সেই সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন তিনি। অবশেষে দুই মাস পর পেশাদার ফুটবলকে বিদায় জানালেন তিনি।

সামগ্রিকভাবে ২০ মৌসুমের পেশাদার ক্যারিয়ারে ৭০০টির বেশি ম্যাচ খেলেছেন মাতা। গোল করেছেন ১৫৮টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৫টি। তবে মাঠের সাফল্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডও তাঁর ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। ২০১৭ সালে 'কমন গোল' নামে একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে ফুটবলার, কোচ ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের আয়ের অন্তত এক শতাংশ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করতে উৎসাহিত করা হয়।

বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, ফুটবল শুধু একটি বলে লাথি মারার বিষয় নয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ঘুরেছি, থেকেছি। তখন বুঝেছি, মানুষের জীবন পরিবর্তনে খেলাধুলা, বিশেষ করে ফুটবলের কত বড় ভূমিকা থাকতে পারে।’

পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না মাতা। এরই মধ্যে মেলবোর্ন ভিক্টরির মালিকানায় সংখ্যালঘু অংশীদার হয়েছেন তিনি। গত জুনে ক্লাবটির মালিকানা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি অবসরের পর নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছিল। শুধু মেলবোর্ন ভিক্টরিই নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব সান দিয়েগো এফসি এবং ফর্মুলা ওয়ানের আলপাইন দলের সঙ্গেও বিনিয়োগের মাধ্যমে যুক্ত রয়েছেন তিনি। ফলে মাঠের ফুটবলার হিসেবে বিদায় নিলেও খেলাটির উন্নয়নে কাজ করার সুযোগ থাকছে তাঁর সামনে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাতা বলেন, ‘ফুটবল আমার জীবন থেকে হারিয়ে যাবে না। ফুটবলকে ভালোবাসার আরও অনেক উপায় আছে। মানুষের উন্নয়নের মাধ্যম হিসেবে খেলাটিকে ব্যবহার করারও অনেক সুযোগ রয়েছে।’

সবশেষে নিজের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন সাবেক চেলসি ও ইউনাইটেড তারকা। তাঁর ভাষায়, ‘আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’