গত পবিত্র ঈদুল আজহার সময়ে বাংলাদেশের একটি অ্যালবিনো বা সাদা রঙের মহিষ দেশ ও বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া সেই বিশেষ মহিষটি বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) অবস্থান করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মহিষটিকে বিভিন্ন গবেষণামূলক কাজে ব্যবহার করছে।
বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশে অ্যালবিনো মহিষটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। অন্যান্য মহিষের সঙ্গে একই শেডে একে রাখা হলেও, পুরুষ মহিষটি আলাদাভাবে অবস্থান করছে। কারণ, ষাঁড়গুলোকে একসঙ্গে রাখা হয় না; অন্যথায় তাদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে।
গত ২১ জুন রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে বিএলআরআই-তে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর প্রায় এক মাস একে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সাধারণত কোনো প্রাণীর শরীরে কোনো রোগ বা সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করতে এবং সংক্রমণ থাকলে তা অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া রোধ করতে সাময়িকভাবে আলাদা জায়গায় রাখা হয়, যাকে কোয়ারেন্টাইন বলা হয়।
বিএলআরআই-এর মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব মুক্তকণ্ঠকে বলেন, “কোয়ারেন্টাইনে মহিষটির শরীরে কোনো অসুখ–বিসুখ শনাক্ত হয়নি। কোয়ারেন্টাইন শেষে মহিষটিকে মূলধারায় সম্পৃক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মহিষটির কোনো অসুখ হয়নি। প্রাণীটি বিএলআরআইয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।”
ডোনাল্ড ট্রাম্পখ্যাত এই মহিষটি অ্যালবিনো প্রজাতির, যার কারণে এর গায়ের রং সাদা। সাধারণত বাংলাদেশে মহিষের গায়ের রং কালো অথবা গাঢ় ধূসর হয়ে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার মুক্তকণ্ঠকে বলেন, “জিনের মিউটেশনের (ডিএনএ বা জিনের গঠনে ঘটে যাওয়া আকস্মিক ও স্থায়ী পরিবর্তন) কারণে মহিষ অ্যালবিনো বা সাদা রঙের হয়ে থাকে। আলোর প্রভাব বা অন্য কোনো প্রভাবের কারণে বিশেষ ধরনের মিউটেশন হতে পারে। এটা যে একেবারে ব্যতিক্রম, তা নয়। কম হলেও এ ধরনের ঘটনা ঘটে। অ্যালবিনো প্রজাতির মহিষের রোগপ্রতিরোধ ও উৎপাদনক্ষমতা কম থাকে—এ ধরনের কথা অনেকে বলেন।” তবে অধ্যাপক ইয়াহিয়া খন্দকার মনে করেন, যথাযথ গবেষণা ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক হবে না।
গবেষণাপ্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, কোরবানির জন্য মোটাতাজাকরণ করায় মহিষটি শুরুতে প্রজননের উপযোগী ছিল না। গত প্রায় চার মাস ধরে গবেষকেরা মহিষটিকে প্রজনন উপযোগী করার চেষ্টা চালিয়েছেন, যার অংশ হিসেবে এর ওজন কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একবার ওজন বেড়ে গেলে তা কমানো বেশ কঠিন হয়ে পড়ে। বর্তমানে মহিষটির ওজন কিছুটা কমে প্রায় সাড়ে পাঁচশ কেজিতে দাঁড়িয়েছে।
বিএলআরআই কর্মকর্তারা জানান, তাঁরা শীতকালের জন্য অপেক্ষা করছিলেন, কারণ শীতকাল মহিষের প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তাঁরা এখন অ্যালবিনো মহিষটির সিমেন বা বীর্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। আবহাওয়া কিছুটা ঠান্ডা হলে দেখা হবে মহিষটি বীর্য প্রদান করে কি না। বীর্য সংগ্রহ করা সম্ভব হলে তা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে। বিএলআরআই-এর দাবি, এসব বীর্য ৫০ থেকে ৬০ বছর, এমনকি কখনো ১০০ বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। তাঁরা এই মহিষ থেকে কয়েক হাজার বীর্য সংগ্রহ করে সংরক্ষণ করবেন, যা পরবর্তীতে কৃত্রিম প্রজননের কাজে ব্যবহৃত হবে।
বর্তমানে বিএলআরআই-তে মাত্র একটি অ্যালবিনো মহিষ রয়েছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, একটি মহিষ দিয়ে পূর্ণাঙ্গ গবেষণা করা সম্ভব নয়। যদি তাঁরা সফলভাবে মহিষ ট্রাম্পের কাছ থেকে বীর্য সংগ্রহ করতে পারেন, তবে কয়েকটি স্ত্রী লিঙ্গের অ্যালবিনো মহিষ কেনার জন্য সরকারের কাছে প্রস্তাব জানাবেন। এছাড়া যেসব খামারির কাছে অ্যালবিনো মহিষ রয়েছে, তাঁদের এই বীজ প্রদান করা হবে। এর মাধ্যমে অ্যালবিনো মহিষের উৎপাদন ক্ষমতা যাচাই করা হবে। গৌতম কুমার দেব আরও বলেন, তাঁরা দেখার চেষ্টা করবেন, “বাংলাদেশে অ্যালবিনো মহিষের আয়ুষ্কাল কত, তাদের রোগ প্রতিরোধক্ষমতা কেমনসহ অন্যান্য বিষয়।”
উল্লেখ্য, গত পবিত্র ঈদুল আজহার সময় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ এই অ্যালবিনো মহিষটিকে মোটাতাজাকরণ করা হয়েছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই এর নাম রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। গায়ের রং এবং চুলের বিশেষ স্টাইলের কারণে এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ হয়ে ওঠে।
রাবেয়া অ্যাগ্রো খামার থেকে মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামান। গত ২৫ মে লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে এবং রাজকীয় সাজে খামারটি মহিষটিকে বিদায় জানায়। ব্যাপক আলোচনার প্রেক্ষিতে সরকার মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। কোরবানির ঈদের আগের দিন ২৭ মে জিনজিরার মনিরুজ্জামানের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহিষটিকে নিয়ে যায় এবং সেদিনই এর স্থান হয় জাতীয় চিড়িয়াখানায়। সেখানেও মহিষটিকে ঘিরে ব্যাপক ভিড় জমে এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে প্রায় এক মাস পর চিড়িয়াখানা থেকে মহিষটিকে বিএলআরআই-তে স্থানান্তর করা হয় এবং তখন থেকেই এটি সেখানে অবস্থান করছে।