পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। এই উচ্চপর্যায়ের সফরের সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল।
সফরের বিশেষ কর্মসূচি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আর কবির। এই অধিবেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদলের প্রধান স্যার শেখ আলিউর রহমান তাঁদের বক্তব্য তুলে ধরেন। ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা প্রদান করা হয়। পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। এই রাজকীয় স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে মো. সবুর খান ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা লাভ করেন, যা তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং সামগ্রিকভাবে দেশের জন্য একটি গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজকীয় এই সফরের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘Cozinha Real–The Royal Lounge’–এর আনুষ্ঠানিক উদ্বোধন। রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা এই স্থাপনাটির উদ্বোধন করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল–পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো–চেয়ার ফারহান–খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগপ্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ–উর–রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ ও লন্ডন টি এক্সচেঞ্জের অন্যান্য প্রতিনিধিরা।