আধুনিক নাগরিক জীবনের ব্যস্ততায় দ্রুত খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন এখন অনেকেরই নিত্যসঙ্গী। ফ্রিজ থেকে বের করা খাবার সরাসরি ওভেনে দিয়ে দ্রুত গরম করে নেওয়ার প্রবণতা আমাদের মাঝে প্রবল। তবে মনে রাখা প্রয়োজন, সব ধরনের খাদ্যদ্রব্য মাইক্রোওয়েভে গরম করা নিরাপদ নয়। নির্দিষ্ট কিছু খাবার এই যন্ত্রে গরম করার ফলে বিস্ফোরণ, আগুনের স্ফুলিঙ্গ তৈরি হওয়া কিংবা খাবার ছিটকে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

নিচে বিস্তারিত আলোচনা করা হলো কোন খাবারগুলো মাইক্রোওয়েভে গরম করা থেকে বিরত থাকা উচিত।

প্রক্রিয়াজাত মাংস
সসেজ কিংবা হট ডগের মতো প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে গরম করা এড়িয়ে চলা উচিত। কারণ, মাইক্রোওয়েভের উচ্চ তাপে এই ধরনের মাংসে 'কোলেস্টেরল অক্সিডেশন প্রোডাক্টস' বা COPs তৈরি হতে পারে। এই উপাদানটি ধমনিতে চর্বির আস্তরণ জমা এবং করোনারি হৃদরোগের ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে আপনার হৃদস্বাস্থ্যের সুরক্ষায় প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে গরম না করাই শ্রেয়।

আস্ত কাঁচা ডিম
খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে মাইক্রোওয়েভে আস্ত কাঁচা ডিম গরম করা। ওভেনের ভেতরে গরম হওয়ার সময় ডিমের ভেতরে বাষ্প ও প্রচণ্ড চাপ তৈরি হয়, যার ফলে ডিমটি বিস্ফোরিত হতে পারে। আশঙ্কাজনক বিষয় হলো, ডিমটি ওভেন থেকে বের করার পরেও হঠাৎ প্রচণ্ড শব্দে ফেটে যেতে পারে। তাই কখনোই আস্ত কাঁচা ডিম মাইক্রোওয়েভে দেবেন না।

আঙুর
ফ্রিজে রাখা আঙুরের ঠান্ডা ভাব দূর করতে অনেকে মাইক্রোওয়েভ ব্যবহার করেন, যা অত্যন্ত বিপজ্জনক। আঙুর মাইক্রোওয়েভে গরম করলে প্লাজমা তৈরি হতে পারে, যা দেখতে ছোট আগুনের শিখার মতো। এর ফলে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয় এবং বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায়। তাই আঙুর কখনোই মাইক্রোওয়েভে গরম করা উচিত নয়।

গাজর
গাজরে মাটি থেকে শোষিত বিভিন্ন খনিজ উপাদান থাকে। মাইক্রোওয়েভে গরম করার সময় এই খনিজগুলোর বিক্রিয়ায় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় 'আর্কিং' বলা হয়। একই ধরনের ঘটনা ঘটতে পারে হট ডগের ক্ষেত্রেও। এতে থাকা লবণ ও বিভিন্ন উপাদানের অসম বণ্টনের কারণে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। যদি এমনটি ঘটে, তবে দ্রুত মাইক্রোওয়েভ বন্ধ করে দিতে হবে। তাই এই জাতীয় খাবার ওভেনে দেওয়া থেকে বিরত থাকুন।

বুকের দুধ ও শিশুর ফর্মুলা
শিশুর জন্য বুকের দুধ বা ফর্মুলা দুধ গরম করতে মাইক্রোওয়েভ ব্যবহার করা একদমই উচিত নয়। কারণ, মাইক্রোওয়েভে তরল সমানভাবে গরম হয় না। ফলে বোতলের নির্দিষ্ট কিছু অংশ অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা শিশুর কোমল মুখ পুড়ে যাওয়ার কারণ হতে পারে। শিশুর নিরাপত্তার কথা মাথায় রেখে বুকের দুধ কখনোই মাইক্রোওয়েভে গরম করবেন না। এর বিকল্প হিসেবে একটি পাত্রে পানি গরম করে চুলা থেকে নামিয়ে তাতে দুধের বোতলটি কিছুক্ষণ রেখে উষ্ণ করে নিতে পারেন।

কাঁচা মাংস
মাইক্রোওয়েভে কাঁচা মাংস রান্না করলে তা সব জায়গায় সমানভাবে সেদ্ধ হয় না। বিশেষ করে মুরগির মাংসের ভেতরের কিছু অংশ কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু বেঁচে থাকতে পারে। তাই মাইক্রোওয়েভে কাঁচা মাংস রান্না করলে ফুড থার্মোমিটার ব্যবহার করে মাংসের বিভিন্ন অংশের তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। মুরগির মাংসের ভেতরের তাপমাত্রা অন্তত ১৬৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৭৪ ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন।

সাধারণ পানি
সাধারণ পানি গরম করার সময় মাইক্রোওয়েভে 'সুপারহিটিং' নামক ঘটনা ঘটতে পারে। এর মানে হলো, পানির তাপমাত্রা ফুটন্ত সীমা ১০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও বাইরে থেকে তা ফুটছে বলে মনে হয় না। এই অবস্থায় কাপটি ওভেন থেকে বের করার সাথে সাথে পানি হঠাৎ করে ফুটে ছিটকে পড়তে পারে, যা হাত বা শরীরের অন্য অংশে গুরুতর পোড়ার কারণ হতে পারে।

বিভিন্ন ধরনের সস
পানির মতোই সসের ক্ষেত্রেও মাইক্রোওয়েভে 'হট স্পট' তৈরি হতে পারে। এই হট স্পটগুলো হঠাৎ ফেটে গেলে গরম সস চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তাই সস গরম করার জন্য মাইক্রোওয়েভের চেয়ে চুলা ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। চুলায় গরম করলে সসটি সহজেই নাড়াচাড়া করা যায় এবং তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে।