রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মৃতি রক্ষায় প্রবর্তিত ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আওতায় ২০২৭ সালের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করার লক্ষ্যেই এই বিশেষ বৃত্তির আয়োজন করা হয়েছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে পড়াশোনার সুযোগ লাভ করবেন।
আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলী পূরণ করতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করাই এই বৃত্তির অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, “আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।”
আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ নভেম্বর ২০২৬। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তির শর্তাবলি, প্রয়োজনীয় যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগে ০১৩২৩৭২৮৮৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন আবেদনের লিংক: https://tuca.edu.bd/shilpachakmascholarshipform/
উল্লেখ্য যে, শিল্পা চাকমা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের আগস্ট মাসে কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে অম্লান রাখতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ২০২২ সালেই তার নামে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’ প্রবর্তন করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।
আরও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.tuca.edu.bd ভিজিট করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ও লিংকডইন পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।