বরিশাল শহরের দুটি ভিন্ন স্থানে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি বিএম কলেজের সামনে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুর্বৃত্ত নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে ভবনের নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত সেখানে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উল্লেখ্য যে, ওই ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

ঠিক একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭ থেকে ৮ জনের একটি দল। সেখানেও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, “আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। তিনি বলেন, “আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।