সাভারের আশুলিয়ায় এক সালিশি বৈঠকে ডেকে নিয়ে দুই অন্তঃসত্ত্বা নারীর তলপেটে লাথি ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দীর্ঘ ১৬ দিন অতিবাহিত হয়ে মামলা করা হলেও, পাল্টা মামলায় ভুক্তভোগী পরিবারেরই দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল হোসেন এবং তানজিলা। রুবেল হোসেন মারধরের শিকার হওয়া দুই অন্তঃসত্ত্বা নারীর ছোট ভাই এবং তানজিলা ভুক্তভোগী রিনা খাতুনের মেয়ে। বুধবার (১৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, এর আগের রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার বিস্তারিত বিবরণ অনুযায়ী, গত ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ আরইবি রোড এলাকায় দুই প্রতিবেশীর মধ্যকার বিরোধ মীমাংসার কথা বলে সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিনা খাতুন এবং তার আট মাসের অন্তঃসত্ত্বা বোন এলিনা পারভীনকে ডেকে নেওয়া হয়। সেখানে স্থানীয় শহিদুল ইসলাম লেবু, মো. শরীফসহ তাদের সহযোগীরা দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে সজোরে লাথি মারেন। এই নৃশংস আক্রমণে তাদের রক্তক্ষরণ শুরু হয়। ওই ঘটনায় পরিবারের আরও তিন সদস্য মারধরের শিকার হন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই ঘটনার পর ভুক্তভোগীদের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দেন। চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট এবং শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ দীর্ঘ ১৬ দিন কালক্ষেপণ করে এবং পরবর্তীতে মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

ভুক্তভোগীদের মামলাটি রুজু হওয়ার পর দেলোয়ার হোসেন (৩৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে পাল্টা এজাহার দায়ের করেন। অভিযোগ উঠেছে যে, কোনো ধরনের প্রাথমিক তদন্ত বা ঘটনাস্থলের বাস্তবতা যাচাই না করেই গত ১৬ নভেম্বর দেলোয়ারের এজাহারটিকে নিয়মিত মামলা (মামলা নং-৪০) হিসেবে নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। আর এই মামলার প্রেক্ষিতেই ভুক্তভোগী দুই অন্তঃসত্ত্বা নারীর পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, মামলার বাদী দেলোয়ার হোসেন নিজেই ওই হামলার সক্রিয় অংশীদার ছিলেন। তাদের অভিযোগ, সেদিন দেলোয়ার তাদের ওপর চড়াও হয়ে হামলা করতে যান এবং নিজের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করার সময় ভিড়ের ধাক্কায় নিজেই পড়ে গিয়ে আহত হন।

ভুক্তভোগী এলিনা আক্তার এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “চারপাশে তখন কেবল প্রভাবশালীদের লোকজন। ঘরে আটকে রেখে আমাদের গর্ভে লাথি মেরে রক্তক্ষরণ ঘটানো হচ্ছিল। নিজেরা যখন রক্তাক্ত হয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছি ও গুরুতর অসুস্থ আমাদের উদ্ধারের চেষ্টা করা হয়েছিল তখন সেখানে আরকেজনকে পাল্টা মারধরের কোনো প্রশ্নই আসে না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রভাবশালীদের বাঁচানো এবং আমাদের কোণঠাসা করতেই এই নাটক সাজানো হয়েছে।”

পুরো বিষয়টি নিয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, “এক পক্ষের দুই অন্তঃসত্বা নারীদের মারধর করা হয়েছে সেই মামলা নেওয়া হয়েছে। এছাড়া আরেক পক্ষের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে তার মামলাও নেওয়া হয়েছে। মামলায় দুটিতে চারজন গ্রেপ্তার করা হয়েছে।”