একই সময়ে দুজন মানুষের জীবন কাটছে দুটি ভিন্ন জগতে। একজন ইতালির ফুটবল মাঠে নিজের ক্যারিয়ার গড়ার লড়াই করছেন, আর অন্যজন সাও পাওলোর কারাগারের চার দেয়ালের ভেতর থেকে ছেলের ফুটবল জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপীয় ফুটবলে নিজেকে প্রমাণ করার উজ্জ্বল সম্ভাবনা, অন্যদিকে অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের রূঢ় বাস্তবতা। তবে তাঁদের এই ভিন্ন জীবনযাত্রার মাঝেও এক গভীর সম্পর্ক রয়েছে—একজন বাবা, অন্যজন ছেলে। বাবার নাম রবিনিও এবং ছেলের নাম রবিনিও জুনিয়র।
একটা সময় ছিল যখন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা বিশ্বাস করতেন, রবিনিও একদিন পেলের মতো বিশ্বজয়ী হবেন এবং তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হবে গোটা দুনিয়া। কিন্তু নেইমারের আগে ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম আলোচিত প্রতিভা হয়েও তিনি নিজের প্রতিভার সঠিক মূল্যায়ন করতে পারেননি। তাঁর ফুটবল জীবনের শেষ অধ্যায়টি লেখা হয়েছে এক কলঙ্কিত ঘটনার মাধ্যমে। ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছেন তিনি। আর সেই কারাগারের বাইরেই বাবার নামের উত্তরাধিকার নিয়ে ফুটবল মাঠে এগিয়ে চলেছেন ছেলে রবিনিও জুনিয়র। তবে তাঁর লক্ষ্য হলো একদিন নিজের যোগ্যতায় স্বতন্ত্র পরিচয় তৈরি করা।
সম্প্রতি পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেক হয়েছে রবিনিও জুনিয়রের। বেলেমে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে জোড়া গোল করে নিজের অভিষেককে স্মরণীয় করে রেখেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। যেন বাবার হারিয়ে যাওয়া ফুটবল গৌরবের গল্পে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর সাও পাওলোর পৌর শহর সান্তোসে জন্ম নেন রবিনিও জুনিয়র। সেই সময়ে তাঁর বাবা রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। জুনিয়রের জন্মের সপ্তাহেই ছিল ফুটবল বিশ্বের বিখ্যাত লড়াই ‘এল ক্লাসিকো’। ছেলের পৃথিবীতে আসার আগেই তাঁকে গোল উৎসর্গ করতে শুরু করেছিলেন রবিনিও। তাঁর পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র, তবে ফুটবল বিশ্বে তিনি রবিনিও জুনিয়র নামেই পরিচিত। বাবার খ্যাতিই তাঁকে এই পরিচিতি এনে দিয়েছে।
বাবার পথ অনুসরণ করে ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন জুনিয়র। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেও নিয়মিত সুযোগ পান পরের বছর। সে বছর ক্যাম্পেওনাতো পলিস্তা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সান্তোসের শিরোপা জয়ের পেছনে তাঁর বড় অবদান ছিল। ৯টি গোল করে তিনি যৌথভাবে হয়ে ওঠেন সর্বোচ্চ গোলদাতা। এরপর ২০২৫ সালে তিনি সান্তোসের অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পান। ততদিনে ক্লাব কর্তৃপক্ষ বুঝে গিয়েছিল যে এই তরুণের মধ্যে বিশেষ কিছু আছে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি সান্তোস তাঁকে মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত করে।
মূল দলে যোগ দিয়ে তিনি পান ৭ নম্বর জার্সি, যে জার্সিতে একসময় তাঁর বাবা সান্তোসকে মাতিয়েছিলেন। গত বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এখন তিনি মূল দলের স্থায়ী সদস্য। তাঁর দক্ষতার ওপর ভরস করেই গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে সান্তোস। এর ফলে তিনি হয়ে ওঠেন ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন। তবে তাঁর এই পথ চলা সবসময় সহজ ছিল না।
একবার সতীর্থ নেইমারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন জুনিয়র। চলতি বছরে সান্তোসের হয়ে ১২টি ম্যাচ খেলার পর প্রায় এক মাস তিনি মাঠে নামার সুযোগ পাননি। কোচ কুকার অধীনে তিনি প্রত্যাশিত সুযোগ পাচ্ছিলেন না। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সান্তোস তাঁকে মূল দলের চেয়ে অনূর্ধ্ব-২০ দলে বেশি খেলানোর পক্ষপাতী ছিল। তবে জুনিয়র এবং তাঁর পরিবারের চাওয়া ছিল মূল দলে বেশি ম্যাচ খেলা।
অবশেষে গত ২ সেপ্টেম্বর ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়ার সাথে এক মৌসুমের জন্য ধারে চুক্তিবদ্ধ হন রবিনিও জুনিয়র। চুক্তির মেয়াদ শেষে ক্লাবটির তাঁকে স্থায়ীভাবে কেনার সুযোগ রয়েছে। এখন পর্যন্ত জেনোয়ার হয়ে লিগে একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই অভিষেক ম্যাচটি তিনি দেখেছেন তাঁর বাবা, তবে গ্যালারি থেকে নয়, বরং সাও পাওলোর কারাগার থেকে।
জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রেও রবিনিও জুনিয়রের সামনে দুটি পথ খোলা রয়েছে। তাঁর মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালিয়ান নাগরিকত্ব রয়েছে। ব্রাজিলে শৈশব থেকেই রবিনিওর সঙ্গে ভিভিয়ানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তাঁরা বিয়ে করেন। মায়ের ইতালিয়ান নাগরিকত্বের কারণে ছেলেও চাইলে ইতালির হয়ে খেলার সুযোগ পাবেন। পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব। অবশ্যই, পাওলো ভিক্টর (ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ) বলেছেন যে তিনি আমার ওপর ভরসা রাখছেন। তাই আমি খেলার জন্য প্রস্তুত আছি।”
দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলারদের ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোচ পাওলো ভিক্টর তাঁর পরিকল্পনা জানিয়েছেন। তাঁর ভাষায়, “এই খেলোয়াড়দের খুঁজে বের করতে আমরা বিভিন্ন দেশে সফর করেছি এবং সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) ও বিদেশি ক্লাবগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করেছি। আমাদের খেলোয়াড় অন্বেষণের পরিধি বাড়ানো এবং দ্বৈত নাগরিকত্বধারী এই খেলোয়াড়দের সুযোগ দেওয়া প্রয়োজন।”
রবিনিও জুনিয়রের প্রতিভার কথা তাঁর শুরুর দিকের কোচের বর্ণনা থেকেই বোঝা যায়। সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার আগে তিনি স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে খেলতেন, যেখানে তাঁকে ‘জুনিনিও’ বলে ডাকা হতো। তাঁর প্রথম কোচ ছিলেন রবসন ফার্নান্দেজ দি অলিভেরা। গত বছরের অক্টোবরে ব্রাজিলের সাময়িকী ‘প্লাকার’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০১২ সালের দিকে মাত্র ৫-৬ বছর বয়সে জুনিয়র তাঁর কাছে এসেছিলেন এবং শুরু থেকেই তিনি অন্য শিশুদের চেয়ে আলাদা ছিলেন।
কোচের ভাষায়, “আমি সব সময় ওকে বলতাম, যতক্ষণ সম্ভব বল পায়ে রাখতে। ওর বল না ছাড়ার প্রবণতা দেখে অন্য বাচ্চাদের মা-বাবারা আমার ওপর বিরক্ত হতেন। কিন্তু আমি সিদ্ধান্তে অটল ছিলাম, কারণ ওর মধ্যে আমি ব্যতিক্রমী কিছু দেখেছিলাম।”
জুনিয়রের বাঁ পায়ের ড্রিবলিংয়ে মুগ্ধ ছিলেন রবসন ফার্নান্দেজ দি অলিভেরা। এমনকি তিনি তাঁর বাবার সঙ্গেও তুলনা করে বলেন, “বাঁ পায়ে ছেলেটির ড্রিবলিং তাঁর বাবার চেয়েও অনেক বেশি নিখুঁত। সে অবিশ্বাস্য রকমের দক্ষ ছিল এবং বারবার চেষ্টা করার মতো অদম্য সাহস ছিল ওর মধ্যে।” পোর্তুয়ারিসের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে রবসনের শেষ ম্যাচেও জোড়া গোল করেছিলেন রবিনিও জুনিয়র। সেই ম্যাচের পর তিনি তাঁর বাবাকে বলেছিলেন, “ছেলে তোমার চেয়েও বড় মাপের খেলোয়াড় হতে যাচ্ছে!”
অনেকে এখনো বিশ্বাস করেন যে বাবার চেয়ে বড় হওয়ার স্বপ্নটি অসম্ভব নয়। জেনোয়ার কোচ ড্যানিয়েল ডি রসিও জুনিয়রের খেলায় মুগ্ধ। গত মাসে তাঁর অভিষেকের পর ডি রসি বলেন, “সে আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমি তাকে চিনতাম না। সে মাঠে কার্যকর ও বুদ্ধিদীপ্ত কাজ করে। তার শারীরিক শক্তি বাড়ানো প্রয়োজন, তবে মাঠে কীভাবে টিকে থাকতে হয়, সেটা সে জানে।”
রবিনিওর ফুটবল জীবন একসময় স্বপ্নের মতো ছিল। ব্রাজিলের হয়ে ১০০টি ম্যাচে তিনি করেছেন ২৮টি গোল। সান্তোস থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান—বিশ্বের বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। অসাধারণ প্রতিভা নিয়ে ব্রাজিলের ফুটবলে তাঁর আবির্ভাব হলেও সেই প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেনি। মিলানে থাকাকালীন ২০১৩ সালে ইতালির একটি নৈশ ক্লাবে এক আলবেনিয়ান নারীকে ধর্ষণের ঘটনায় তিনি জড়িয়ে পড়েন। এই অপরাধে ইতালির আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেয়। রায়ের আগে তিনি ইতালি ছেড়ে ব্রাজিলে চলে আসেন। পরবর্তীতে ইতালির সর্বোচ্চ আদালত ব্রাজিল সরকারকে সাজা কার্যকরের অনুরোধ জানায়। ২০২৪ সালের মার্চে ব্রাজিলের ফেডারেল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে সাও পাওলোর একটি কারাগারে তাঁর জীবন কাটছে। ৪২ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ডকে এখনো ৯ বছরের সাজা ভোগ করতে হচ্ছে।
তবে রবিনিও জুনিয়রের গল্পটি এখনো লেখা হচ্ছে। বাবার ৭ নম্বর জার্সি গায়ে সান্তোসে খেলেছেন, ইতালিতে নতুন ঠিকানা খুঁজেছেন এবং জাতীয় দল হিসেবে ব্রাজিলকে বেছে নেওয়ার সম্ভাবনা সামনে রেখেছেন। এবার ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই করেছেন দুটি গোল। এই গোলগুলো হয়তো কারাগারের দেয়াল ভেদ করে বাবার কাছে পৌঁছেছে। তবে রবিনিও জুনিয়রের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত এই গোল দুটি নয়, বরং নিজের প্রতিভা দিয়ে এমন এক পরিচয় তৈরি করা, যেখানে বাবার নাম থাকলেও অতীতের সেই কলঙ্কিত ভার থাকবে না। একদিন হয়তো মানুষ তাঁকে আর রবিনিওর ছেলে হিসেবে চিনবে না, চিনবে কেবল রবিনিও জুনিয়র হিসেবেই।