বিদেশে অবস্থানকালে বিভিন্ন ধরনের ভিক্ষুকদের নান্দনিক কৌশল দেখার সুযোগ আমার হয়েছিল। কেউ গান গেয়ে, কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে, কেউবা চারপাশ পরিষ্কার করে কিংবা ছবি এঁকে অত্যন্ত শৈল্পিক উপায়ে ভিক্ষা করত। তখন মনে হতো, জীবনের অন্যান্য বিষয়ের মতো ভিক্ষাবৃত্তির কৌশলেও আমরা বেশ পিছিয়ে। তবে দেশে ফিরে সেই ধারণা সম্পূর্ণ বদলে গেল। অন্য সব ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকলেও, এই বিশেষ ক্ষেত্রে আমাদের অগ্রগতি রাস্তার মোড়েই স্পষ্ট হয়ে ওঠে।

আমি যখন হন্যে হয়ে বাসার জন্য একজন কাজের বুয়া খুঁজছি, তখন দেখি সুস্থ-সবল মহিলারা রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষার আসর বসিয়েছেন। একদিন তাদের একজনের কাছে গিয়ে বিনীত অনুরোধ করলাম, "আপা, বড় বিপদে পড়েছি। বাসায় কাজের লোক লাগবে। আপনি তো সুস্থ¯মানুষ, ভিক্ষা না করে বাসা-বাড়িতে কাজ করলে তো পারেন!"

উত্তরে তিনি পানের পিক ফেললেন। অল্পের জন্য আমার খাকি রঙের প্যান্টটি রক্ষা পেল। এরপর গলা টেনে বললেন, “সব অসুখ কি আর বাইর থেইক্যা দ্যাহোন যায়, মামা!” (আফসোস, আপন ভেবে আমি তাকে ‘আপা’ বলে ডেকেছিলাম, কিন্তু তিনি ‘মামা’ সম্বোধন করে আমাকে পর করে দিলেন)।

আমি আর্দ্র হয়ে মাথা নাড়ালাম, মেনে নিলাম যে তার কথা ঠিক।

আবার একদিন অফিসের প্রবেশমুখে দেখলাম একজন পরিপাটি মানুষ দাঁড়িয়ে আছেন, যার হাতে একটি শপিং ব্যাগ। আমার মনে হলো, নিশ্চয়ই তিনি হস্তশিল্পের সঙ্গে জড়িত কেউ, যিনি দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে অবদান রাখছেন এবং নিজের তৈরি পণ্য ডেলিভারি দিতে নিজেই এসেছেন। মনের ভেতর পাহাড়সমান শ্রদ্ধা নিয়ে সামনে এগোতেই আমার ভুল ভাঙল। পেছন থেকে ডাক এল, “মামা, কিছু দিয়ে যান।”

অন্য কেউ ডাকছে ভেবে এদিক-সেদিক তাকাচ্ছিলাম। তখনই সেই মহিলা আমার মুখের কাছে এসে শপিং ব্যাগটি মেলে ধরলেন। আমি ভীষণ চমকে উঠলাম। জামার বোতামের ফাঁক দিয়ে বুকে একদলা থুতু ছিটিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। সাধারণত থালা হাতে ভিক্ষুক দেখে অভ্যস্ত চোখ শপিংব্যাগ হাতে এমন পরিপাটি কাউকে ‘ভিক্ষুক’ হিসেবে মেনে নিতে পারছিল না।

সম্প্রতি সবচেয়ে সৃজনশীল এক ভিক্ষুকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। লোকটির জীবনধারা বেশ অদ্ভুত; তিনি মাঝেমধ্যে টেসলা (ইঞ্জিনচালিত রিকশা) চালান এবং বাকি সময় ভিক্ষা করেন। ‘সময়ের মূল্য’ কাকে বলে, তাকে দেখলেই বোঝা যায়। কৌতূহলবশত আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে দেখে তো মনে হয় না ভিক্ষা করেন!

তিনি মলিন মুখে উত্তর দিলেন, “আল্লায় গরিব বানাইছে, কী আর করার!”

কথাটি আমার খুব চেনা মনে হলো। বাড়িতে ফিরে অনুসন্ধান করে দেখলাম, এটি তো ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের দারোয়ান মতলবের একটি জনপ্রিয় ডায়ালগ! তার মানে, ওই মহিলার নাটক ও সিনেমার প্রতিও বেশ দখল আছে। আমি ভাবলাম, পরেরবার দেখা হলে তাকে বলব যে অভিনয় করলেই তো পারেন, অথবা রিলস-টিকটক বানান; ভিক্ষা করার কী প্রয়োজন! তবে কে জানে, সেই জবাবে তিনি হয়তো আমার কাছে একটি স্মার্টফোন চেয়ে বসবেন!

ভিক্ষার কৌশলে সবচেয়ে এগিয়ে থাকে শিশু-কিশোরেরা। তারা পেছন পেছন ঘুরে সুবিধা করতে না পারলে হঠাৎ করে পা জড়িয়ে ধরে। প্রথমবার এমন পরিস্থিতিতে পড়ে আমার মনে হয়েছিল, হয়তো রাস্তাঘাটে হাডুডু খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আড়াল থেকে কেউ ভিডিও করছে। কিন্তু আশপাশে কোনো ক্যামেরা না দেখে আমার ভুল ভাঙল। তবে এই ছোট ছোট ভিক্ষুকরা প্রতিপক্ষের খেলোয়াড়ের মতোই নাছোড়; তারা সহজে পা ছাড়ে না। পাঁচ-দশ টাকায় তাদের সাথে রফা হয় না, পা ছাড়াতে রীতিমতো মুক্তিপণ গুনতে হয়!

সেই সৃজনশীল ভিক্ষুকটির কথা আবারও মনে পড়ে। তিনি মাঝেমধ্যে টেসলা (ইঞ্জিনচালিত রিকশা) চালান, বাকি সময় ভিক্ষা করেন। ‘সময়ের মূল্য’ কাকে বলে, তাকে দেখে শেখা যায়। কথাবার্তায় তিনি যথেষ্ট শাণিত। কেউ টাকা দিলে ন্যানো সেকেন্ডের মধ্যে তা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফেলেন। সেদিন আমার সঙ্গে তার কথা হয়েছিল।

আমি জিজ্ঞেস করলাম, “সব সময় রিকশা চালান না কেন?”

তিনি উত্তর দিলেন, “রিকশায় কম্পিটিশন শুরু হইছে। আগের মতো ট্যাকা নেই।”

আমি বললাম, “তাই বলে ভিক্ষা!”

তখন তিনি যুক্তি দিলেন, “এইডারে ভিক্ষা কন ক্যা! এইডা হইল গিভ অ্যান্ড টেক। আপনে ট্যাকা দেবেন আর আমি দুয়া করব। সমানে সমান।”

তার এই যুক্তির খণ্ডন করার ক্ষমতা স্রষ্টা আমাকে দেননি। তাই পকেট থেকে টাকা বের করে দিলাম। তবে দোয়ার আশায় আমি থাকলাম না। ফেরার পথে আমার মনে হলো, লোকটা আসলেই ব্যবসা বোঝে। তার কোনো পুঁজি নেই, নেই লোকসানের ঝুঁকি। হঠাৎ নিজেকে বড্ড বোকা আর অসহায় মনে হতে লাগল আমার!