ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। কুয়াশার তীব্রতা কমে আসায় বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকার ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের দুই প্রান্তে বেশ কিছু ফেরি আটকে পড়েছিল। চলাচল শুরু হওয়ার পর সেগুলো পুনরায় তাদের নিয়মিত গতিপথে ফিরেছে। একই সঙ্গে ঘাটে জমে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী দ্রুত পারাপার করার প্রক্রিয়া চালানো হচ্ছে।

এর আগে, কুয়াশার ঘন স্তরের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় বুধবার সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এই সময়ে মাঝনদীতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি আটকা পড়েছিল।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছিল যাচ্ছিল না তাই দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।”