দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রায় তিন দশকের পুরোনো এই পরিকল্পনায় এবার নতুন মোড় এসেছে। বর্তমান বিএনপি সরকার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে সংযুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ (Y) আকৃতির একটি সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষাও চলছে।

নতুন এই মহাপরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাটকে একে অপরের সঙ্গে যুক্ত করবে। পুরো প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সেতু বিভাগকে।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে একটি কার্যকর বিকল্প পথ তৈরি হবে। এর ফলে রাজধানী থেকে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বর্তমান যমুনা সেতুটি যানবাহনের প্রচণ্ড চাপের মুখে রয়েছে, যা সামলানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বগুড়া কেন্দ্রিক সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই সেতুটি বিবেচিত হচ্ছে।

তবে দুটি সেতুর চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা এবং নির্মাণব্যয় এখনো চূড়ান্ত করা হয়নি। এসব বিষয় নির্ধারণের জন্য বর্তমানে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে, যা আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের প্রধান মাধ্যম যমুনা সেতু, যার দিয়ে প্রতিদিন গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। বিশেষ করে উৎসবের দিনগুলোতে বা সপ্তাহের শুরুতে ও শেষে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১৯৯৮ সালে চালু হওয়া এই সেতুর বিকল্প হিসেবেই দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে বর্তমানে দৈনিক গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করছে।

সেতু বিভাগের সচিব আবদুর রউফ মুক্তকণ্ঠকে বলেন, “সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই আকৃতিতে নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। সমীক্ষা শেষ হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। তখন সেতুর পথ, নকশা ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

বিএনপির নির্বাচনী ইশতেহারে এই দুই সেতু নির্মাণের অঙ্গীকার করা হয়েছিল। বর্তমান সরকার উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও পরিবেশ সুরক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

গত ৩ নভেম্বর সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পদ্মা, দ্বিতীয় যমুনা ও পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, “পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সমন্বয় রেখে কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণকাজ শুরু করা হবে।”

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সেতু বিভাগ ৫৯টি প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক সমন্বিত লজিস্টিকস প্রকল্পের পাইপলাইন তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে, যার মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পটিও yer রয়েছে।

সেতু বিভাগের একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে যে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব কমবে এবং যাতায়াতের সময় বাঁচবে। এছাড়া নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরের কিছু এলাকার যোগাযোগ সহজ হবে। বিশেষ করে কাজিরহাট যুক্ত হলে পাবনা অঞ্চলের মানুষের জন্য ঢাকায় যাতায়াতের নতুন পথ খুলবে এবং পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ীর মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, যা কৃষি ও শিল্পপণ্য পরিবহনে সহায়ক হবে।

দ্বিতীয় যমুনা সেতুর জন্য সম্ভাব্য চার-পাঁচটি পথ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দির পথ দুটি সবচেয়ে বেশি আলোচিত। এছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্য দিয়ে সেতু নির্মাণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

দ্বিতীয় পদ্মা সেতুর আলোচনা দীর্ঘ তিন দশক ধরে চলছে। ১৯৯৯ সালে প্রথম প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা এবং ২০০৫ সালে জাইকার সহায়তায় বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা করা হয়। সে সময় মাওয়া-জাজিরা, পাটুরিয়া-দৌলতদিয়া এবং দোহার-চরভদ্রাসন—এই তিনটি বিকল্প পথের প্রস্তাব ছিল। শেষ পর্যন্ত মাওয়া ও জাজিরার মধ্যে সেতু নির্মিত হলেও পাটুরিয়া-দৌলতদিয়া পথটি বিকল্প হিসেবে থেকে যায়। পরবর্তীতে ২০২০ থেকে ২০২৪ সালের মাস্টারপ্ল্যানে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কেব্‌ল-স্টেড নকশায় সেতু নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছিল।

সেতু বিভাগ সূত্র আরও জানায়, রাজবাড়ী ও পাবনার মধ্যে আলাদা সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হলেও এখন ‘ওয়াই’ আকৃতির সেতুর পরিকল্পনা করায় আলাদা সেতুর প্রয়োজন হবে না। পাশাপাশি রাজবাড়ীর পাংশার হাবাসপুর ও পাবনার সুজানগরের সাতবাড়িয়ার মধ্যে একটি পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা দ্বিতীয় পদ্মা সেতুর দৌলতদিয়া প্রান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্যারাজের ওপর দিয়ে সড়কপথও থাকবে।

সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন-চার মাসের মধ্যে প্রাথমিক নকশা ও ধারণা পাওয়া যাবে এবং আগামী বছর পূর্ণাঙ্গ প্রতিবেদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতিমধ্যে এই সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগ করেছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। এই সমীক্ষায় নেপালের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (ইআরএমসি), সুইডেনের সুইডিশ ন্যাশনাল রোড কনসালট্যান্ট (সুইরোড), দক্ষিণ কোরিয়ার ডাসান এবং বাংলাদেশের দেশ উপদেশ ও সার্ম অ্যাসোসিয়েটস যৌথভাবে কাজ করছে। ১৮ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে এই ১২ মাস মেয়াদী সমীক্ষাটি পরিচালিত হচ্ছে, যার প্রতিবেদন আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক মুক্তকণ্ঠকে বলেন, “দ্বিতীয় যমুনা সেতু অত্যন্ত দরকারি হয়ে পড়েছে। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন। তবে নকশা ও সেতুর পথ এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে সর্বাধিক মানুষ উপকৃত হয়।”

তিনি আরও বলেন, “কাছাকাছি অনেকগুলো সেতু ও ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে একটির সঙ্গে অন্যটির আন্তসংযোগ কীভাবে হবে, তা–ও পরিকল্পনায় রাখতে হবে।”