পতিত ফ্যাসিস্ট শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলেও সাধারণ মানুষ তা কখনোই গ্রহণ করবে না বলে দাবি করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি মনে করেন, গণপ্রতিরোধের মাধ্যমে যেভাবে এই শক্তির পতন ঘটানো হয়েছে, ঠিক সেভাবেই তাদের যেকোনো অরাজক কর্মকাণ্ডকেও জনগণ প্রতিরোধ করবে।
মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে একটি র্যালি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে শুরু হয়ে এই র্যালিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত গিয়ে শেষ হয়। উল্লেখ্য, ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী। দেশে শান্তি ও গণতন্ত্রকে পূর্ণতা দিতে হলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষার কথা বলেছেন ভাসানী। তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রেখে যাওয়া দিশাগুলো এখনো বাংলাদেশের প্রধান দিশা হিসেবে হাজির আছে।
বাংলাদেশ বর্তমানে একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠনের কালে একদিকে যেমন রাজনৈতিক সংস্কার দরকার, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কার দরকার। সবচেয়ে বড় দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য। যেটা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গড়ে উঠেছিল। তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবে; কিন্তু মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।’
অন্যদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ বলেন, ‘মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে।’
উক্ত র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও অংশ নেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ান, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা, পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।