একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে আগামী শনিবার থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে 'ফরাসি সপ্তাহ'। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিশেষ সপ্তাহ উদ্‌যাপনের ঘোষণা প্রদান করেন। আগামী ২১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।

রাষ্ট্রদূত সেরে-শার্লে এই আয়োজনের মূল উদ্দেশ্য হিসেবে অঁদ্রে মালরোর স্মৃতিচারণের পাশাপাশি বাংলাদেশিদের কাছে ফরাসি সংস্কৃতির পরিচিতি বাড়িয়ে তোলাকে উল্লেখ করেন। তিনি বলেন, “ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।”

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন অঁদ্রে মালরো। মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকীর এই বিশেষ সময়ে তিনি যে অনন্য পদচিহ্ন রেখে গেছেন, সেটিকেই স্মরণ করা হচ্ছে। ফ্রান্সের নন্দিত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অঁদ্রে মালরো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে বৈশ্বিক জনমত তৈরিতে অত্যন্ত সরব ভূমিকা পালন করেছিলেন, যা বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, ১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফর করেন অঁদ্রে মালরো। সেই সফরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজশাহী, চট্টগ্রাম ও কাপ্তাই এলাকা পরিদর্শনে যান। ওই সফরের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছিল।

শোষিত মানুষের অধিকারের পক্ষে অবস্থান এবং ১৯৫৯ সালে ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী হিসেবে অঁদ্রে মালরোর দায়িত্ব গ্রহণের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘ফরাসি সংস্কৃতির উদ্‌যাপন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেই সংস্কৃতি অন্যদের কাছে পরিচিত করাটাও গুরুত্বপূর্ণ।’

এই বিশেষ সপ্তাহের অংশ হিসেবে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করবে। এই উৎসবে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত এবং জনপরিসরের নানা দৃশ্য ক্যামেরাবন্দি করবেন এবং নিজেদের অভিজ্ঞতা ও কাজ সবার সঙ্গে ভাগ করে নেবেন।

ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে জানানো হয়েছে, ফরাসি সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে ফরাসি সংস্কৃতি, শিল্প, রন্ধনশিল্প এবং ইতিহাস নিয়ে নানা কর্মসূচি থাকবে। এই আয়োজনে ফ্রান্স দূতাবাস সহযোগী হিসেবে পাশে পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ, আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অঁদ্রে মালরোর অবদান এবং বাংলাদেশের প্রতি তাঁর সংহতির স্মরণে আগামী ২২ নভেম্বর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘অঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিফলক স্থাপন করা হবে।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা অঁদ্রে মালরো গার্ডেন ও স্মৃতিসৌধের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এই উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বের স্মারকগুলো সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে ফরাসি পরিবেশনাশিল্পের সমৃদ্ধি তুলে ধরতে অপেরা পরিবেশনা রাখা হয়েছে। আর্টিস্টস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্সের একজন সংগীতশিল্পী এবং একজন পিয়ানোবাদক অংশ নেবেন।

আলোকচিত্র প্রদর্শনী হিসেবে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব আয়োজন করবে, যেখানে আলোকচিত্রীরা জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও জনপরিসরের দৃশ্য তুলে ধরে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এছাড়া ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন। নারীর অধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

খাদ্যরসিকদের জন্য থাকছে বিশেষ ফরাসি খাবার উৎসব। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই উৎসবে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করবেন। সেই সঙ্গে হোটেল ও পর্যটন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য তিনি একটি মাস্টারক্লাসও পরিচালনা করবেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া চোমব্রো, আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিচালক (অপারেশন, ফুড অ্যান্ড বেভারেজ) ওলিভিয়ে লোরো।