নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার সামনে আসে।

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে কোনো একটি তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এক যুবক। আগুন জ্বালানোর পরপরই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্য তা নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে থাকা বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। তবে আগুনের কারণে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাত দিয়ে ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই কাণ্ড ঘটিয়েছে। এতে রেললাইনের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য যে, এর আগেও ওই জেলার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা সামনে এসেছিল।