সুন্দরবনের বনদস্যুদের দমনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানার অন্তর্গত সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন বনের গভীরে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু চক্রগুলোকে নির্মূল করার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে যে, একটি ডাকাতদল ডাকাতির পরিকল্পনা করে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন গহিন বনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। এই সংবাদের ওপর ভিত্তি করে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড বেস মোংলা এবং বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি যৌথ দল ওই নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন বনের গভীরে অত্যন্ত অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা এই অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলটিকে শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
জব্দ করা এসব অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, “সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা, সকলের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্টগার্ড আশাবাদী।”