দেশের চিকিৎসা শিক্ষা খাতের সম্প্রসারণে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়ায় (বঙ্গবাজার সংলগ্ন) সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সরকারি মঞ্জুরি অনুমোদন প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মঞ্জুরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সেই লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালটি অবস্থিত। ওই হাসপাতালের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদন হওয়ায় এখন কলেজ স্থাপনে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ে সরকারি কর্মচারী হাসপাতালে মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে। পরে কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে হবে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস।”
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ৩৭টি সরকারি এবং ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালিত হচ্ছে।