২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন আজ রোববার মুক্তকণ্ঠকে বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।’
অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত ফলাফল জানতে পারবে। তবে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট তাদের নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থী এই দুই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে, বুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদন প্রক্রিয়া ২১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় পুনঃপরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
উল্লেখ্য যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে। গত শিক্ষাবর্ষের লিখিত ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী ১০০টি এমসিকিউ প্রশ্ন করা হয়েছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ছিল নিম্নরূপ: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পরীক্ষার মোট সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করার নিয়ম ছিল।