গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধার দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করার পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পুনরায় জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিক ও কর্মচারীরা তাদের কর্মস্থলে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে শ্রমিক-কর্মচারীরা পুনরায় কাজে যোগ দেন। এর আগে সকাল ৮টা থেকে প্রথম পালার কাজ সম্পূর্ণ বন্ধ রেখে ওই দুই টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

টার্মিনাল দুটিতে পুনরায় কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি দুপুর ১টা ১৯ মিনিটে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানান।

বন্দর সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী এনসিটি বর্তমানে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এই টার্মিনালটির পরিচালনার দায়িত্ব রয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেডের ওপর। তবে সেখানে কর্মরত আছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। অন্যদিকে, সিসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক। এই টার্মিনালটিও বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, টার্মিনাল দুটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার খবরে সেখানে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরির নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, চাকরি হারানোর আশঙ্কার পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে গ্র্যাচুইটি, অর্জিত ছুটি এবং প্রণোদনসহ বিভিন্ন বকেয়া আর্থিক পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এসব দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকালে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করতে বাধ্য হন। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।