শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিএনপির কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার এই পদত্যাগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে এই আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয়ের সূত্র অনুযায়ী, চিকিৎসার প্রয়োজনে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র প্রেরণ করেন। উল্লেখ্য, সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি, কারণ সে সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বিষয়টি জানিয়ে তিনি তখন সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছিলেন।

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র দাবি করেছে যে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে এক ধরণের অসন্তোষ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যার সদস্য ছিলেন ওসমান ফারুক। এছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়, যার সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

পেশায় একজন সাবেক আমলা ড. মুহাম্মদ ওসমান ফারুক বিশ্বব্যাংকের উচ্চপদেও কর্মরত ছিলেন।