বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক তাঁর সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পেছনে প্রধান কারণ হিসেবে তিনি তাঁর শারীরিক অসুস্থতা এবং চিকিৎসাজনিত প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তাঁর এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ওসমান ফারুক বেশ দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর এই প্রবাস অবস্থানের কারণেই গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট প্রদান করতে পারেননি। ওই সময়েও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

তবে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে ভিন্ন এক মত পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়টি নিয়ে ওসমান ফারুকের মধ্যে এক ধরণের অসন্তোষ বিরাজ করছিল। ধারণা করা হচ্ছে, এই মনমালিন্য বা অসন্তোষের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে জয়লাভ করেছিলেন। সেই সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছেন।