চা তৈরির পর আমরা সাধারণত ব্যবহৃত টি-ব্যাগগুলো সরাসরি ময়লার ঝুড়িতে ফেলে দিই। তবে ঘরোয়া নানা প্রয়োজনীয় কাজে এই টি-ব্যাগগুলো যে দারুণ কার্যকর হতে পারে, তা অনেকেরই অজানা। ঘরের অস্বস্তিকর কিছু সাধারণ সমস্যার সহজ সমাধান দিতে পারে এই ফেলে দেওয়া টি-ব্যাগ। ফ্রিজ ও জুতার দুর্গন্ধ দূর করা থেকে শুরু করে বাসন পরিষ্কার কিংবা কম্পোস্ট সার তৈরিতেও এর ব্যবহার সম্ভব।
আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত টি-ব্যাগের চমৎকার কিছু ব্যবহারের উপায় নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
কম্পোস্ট সার তৈরিতে
ব্যবহৃত টি-ব্যাগের ভেতরে থাকা চা পাতা কম্পোস্ট সারের সঙ্গে মেশানো যেতে পারে। চা পাতা একটি জৈব উপাদান হিসেবে কম্পোস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে; টি-ব্যাগটি কেটে ভেতরের পাতাগুলো আলাদা করে নিতে হবে। কারণ অনেক টি-ব্যাগে প্লাস্টিক বা কৃত্রিম তন্তু থাকে, যা প্রাকৃতিকভাবে সহজে পচে না এবং পরিবেশের ক্ষতি করতে পারে।
ফ্রিজের দুর্গন্ধ কমাতে
ফ্রিজে মাছ, মাংস, সবজি ও বিভিন্ন ধরনের খাবার একসাথে রাখার ফলে অনেক সময় মিশ্র গন্ধ তৈরি হয়, যা বেশ উৎকঠ হতে পারে। এই বাজে গন্ধ কমাতে টি-ব্যাগ বেশ সহায়ক। আপনার ব্যবহৃত টি-ব্যাগটি প্রথমে ভালোভাবে শুকিয়ে নিন, এরপর ছোট একটি বাটিতে করে তা ফ্রিজে রেখে দিন। শুকনো চা পাতা ফ্রিজের ভেতরের আর্দ্রতা ও দুর্গন্ধ শোষণ করে নিতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, দুর্গন্ধ পুরোপুরি দূর করতে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করার কোনো বিকল্প নেই।
জুতার দুর্গন্ধ দূর করতে
দীর্ঘক্ষণ জুতা পরে থাকলে পায়ের ঘামের কারণে ভেতরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয় এবং দুর্গন্ধ ছড়ায়। এই সমস্যা সমাধানে রাতে প্রতিটি জুতার ভেতরে একটি করে শুকনো টি-ব্যাগ রেখে দিতে পারেন। এটি জুতার ভেতরের আর্দ্রতা শোষণ করে দুর্গন্ধ কমাতে সাহায্য করে। পরদিন সকালে টি-ব্যাগগুলো সরিয়ে ফেললেই হবে। তবে সতর্ক থাকুন যেন ভেজা টি-ব্যাগ ব্যবহার না হয়, কারণ এতে উল্টো ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে।
বাসনপত্র পরিষ্কারে
রান্নার পাত্রে চা, দুধ বা খাবারের জেদি দাগ লেগে গেলে তা পরিষ্কার করতে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন। এর জন্য পাত্রটি গরম পানিতে একটি ব্যবহৃত টি-ব্যাগসহ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা হালকা ময়লা ও দাগ আলগা হয়ে যায়। এরপর সাধারণ ডিশওয়াশিং লিকুইড দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই পাত্রটি পরিষ্কার হয়ে যাবে।
কাচ পরিষ্কার করতে
জানালা, আয়না বা অন্যান্য কাচের সামগ্রী পরিষ্কারের জন্য ব্যবহৃত টি-ব্যাগ দিয়ে হালকা চায়ের দ্রবণ তৈরি করা যায়। একটি টি-ব্যাগ পানিতে ভিজিয়ে নিয়ে দ্রবণটি ঠান্ডা করে নিন। এরপর একটি নরম কাপড় সেই দ্রবণে ভিজিয়ে কাচ মুছুন এবং সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে কাচে দাগ থেকে যাওয়ার সম্ভাবনা কমে। তবে পুরো কাচে ব্যবহারের আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
চোখের ক্লান্তি কমাতে
দীর্ঘ সময় ধরে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চারপাশে ক্লান্তির ছাপ পড়ে। এই ক্লান্তি দূর করতে পরিষ্কার ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর বন্ধ চোখের ওপর কয়েক মিনিট তা রেখে দিন। এর শীতলতা চোখে সাময়িক আরাম দিতে পারে।
তবে এই ক্ষেত্রে টি-ব্যাগটি অবশ্যই পরিষ্কার হতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন চায়ের পানি সরাসরি চোখে না যায়। এছাড়া চোখে ব্যথা, লালচে ভাব বা ফোলাভাব থাকলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হাতের দুর্গন্ধ কমাতে
পেঁয়াজ বা রসুন কাটার পর হাতের তালু ও আঙুলে তীব্র গন্ধ লেগে থাকে। এই গন্ধ কমাতে ঠান্ডা ব্যবহৃত টি-ব্যাগ হাতের তালু ও আঙুলে আলতোভাবে ঘষুন। এরপর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। তবে মনে রাখা প্রয়োজন, সব ধরনের দুর্গন্ধ দূর করতে এটি সমানভাবে কার্যকর নাও হতে পারে।