জীবনের চারটি দশক পার করার পর একজন মানুষ অভিজ্ঞতার নানা দিক জানলেও, এই সময়ে এসে হঠাৎ নিজের শরীরটিই তার কাছে অচেনা মনে হতে পারে। কেন এমনটি ঘটে? হারিয়ে যাওয়া সেই পুরোনো সত্তাকে কি পুনরায় ফিরে পাওয়া সম্ভব? এই বিষয়ে স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন-এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন রাফিয়া আলম।
বয়স বৃদ্ধির সাথে সাথে মানবদেহে ধীরে ধীরে নানা ধরনের পরিবর্তন আসতে শুরু করে। এর ফলে শরীরের সামগ্রিক গড়নেও পরিবর্তন দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ওজন বৃদ্ধি পায়, আবার কেউ কেউ ওজন না বাড়লেও লক্ষ্য করেন যে তাদের ভুঁড়ি বাড়ছে। শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তনও ঘটে; কেউ কেউ খিটখিটে হয়ে পড়েন। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকে পরবর্তীতে নিজেই অবাক হয়ে ভাবেন, ‘এটা কি আমি!’
এই বয়সে এসে মানুষ সাধারণত পরিবার এবং কর্মক্ষেত্রে অনেক বেশি দায়িত্বের চাপে থাকেন। জীবনের এই পর্যায়ে পরিবারের শিশু-কিশোর কিংবা বয়োজ্যেষ্ঠ সদস্যরা নানাভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অন্যদিকে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সামনে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্ব বজায় রাখতে হয়। ফলে বাড়ি বা অফিস—কোনো জায়গাতেই নিজের শারীরিক বা মানসিক অসুবিধার কথা প্রকাশ করার সুযোগ খুব একটা থাকে না।
শারীরিক সক্রিয়তা কমে যাওয়া, পুষ্টির অভাব এবং হরমোনের পরিবর্তনের ফলে এই বয়সে শরীরে মেদ জমার প্রবণতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি পেশির ভর ও শক্তি হ্রাস পাওয়া এবং হাড়ক্ষয়ের মতো সমস্যাগুলোও দেখা দিতে পারে। একদিকে যখন পেশি ক্ষয় হয় এবং অন্যদিকে মেদ জমে, তখন সামগ্রিক ওজন খুব বেশি না কমলেও শরীরের গড়ন বদলে যায়। বয়স বাড়ার সাথে সাথে প্রাণশক্তি ও উদ্দীপনার মাত্রাও হ্রাস পেতে পারে।
হরমোনের এই পরিবর্তনের প্রভাব অনেকের মনমেজাজের ওপর নেতিবাচকভাবে পড়ে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, অথবা পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি ও অবসন্নতা অনুভব হতে পারে। মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনজনিত কারণে এই ধরনের সমস্যাগুলো বেশি প্রকট হয়। তবে কেবল হরমোন নয়, মানসিক চাপ, পারিবারিক জটিলতা এবং শারীরিক অসুস্থতার কারণেও নারী-পুরুষ উভয়েরই মেজাজ খিটখিটে হতে পারে। এমনকি হরমোনের পরিবর্তনের কারণে দাম্পত্য সম্পর্কের স্বাভাবিকতাও কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে।
বয়সের প্রভাবে মুখের হাড়ের গঠন, ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ এবং ত্বকের নিচের স্বাভাবিক চর্বির স্তরে পরিবর্তন আসে। এর ফলে মুখের গড়ন বদলে যেতে পারে এবং ত্বকে বলিরেখা দৃশ্যমান হতে শুরু করে। সহজ কথায়, বিশ বা ত্রিশ বছর বয়সে জীবনযাপনের যে চমৎকার ছন্দ ছিল, তা হারিয়ে যাওয়ার কারণেই নিজেকে অচেনা মনে হতে পারে।
তবে বয়স বাড়ার সাথে শরীর ও মনে কিছু পরিবর্তন আসা অত্যন্ত স্বাভাবিক বিষয়। যদিও এই পরিবর্তনের ধরন এবং সময় একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। নারীদের ক্ষেত্রে এই সময়ে মাসিক অনিয়মিত হওয়া, হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। মেনোপজের ঠিক আগের এই পর্যায়টিকে বলা হয় পেরিমেনোপজ। পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন হরমোনের মাত্রায় পরিবর্তন আসে, তবে নারীদের তুলনায় এই প্রক্রিয়াটি সাধারণত অনেক ধীরগতিতে ঘটে।
তবে বয়সের কাছেই হার মানতে হবে, এমন কোনো কথা নেই। কিছু নিয়ম মেনে চললে সুস্থ থাকা সম্ভব। সবার আগে নিজের মনের যত্ন নিন। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করতে পারেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। সপ্তাহে অন্তত পাঁচ দিন প্রতিদিন প্রায় বিশ মিনিট শরীরে রোদ লাগানোর চেষ্টা করুন।
মস্তিষ্ককে সচল রাখতে বই পড়ার অভ্যাস করুন, সৃজনশীল কাজে যুক্ত থাকুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং এবং ভারসাম্যের ব্যায়ামের দিকে বিশেষ নজর দিন।
খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে পর্যাপ্ত পানি, টাটকা ফলমূল ও শাকসবজি গ্রহণ করুন। আমিষ জাতীয় খাবারের ব্যাপারে অবহেলা করবেন না; এই বয়সেও ডিম ও দুধের মতো পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন। ধূমপান, জর্দা, গুল, অন্যান্য তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন। নিজেকে এবং বন্ধুদের সময় দিন।
জীবনসঙ্গীর সাথে গুণগত সময় কাটান এবং নিজের অনুভূতিগুলো তাঁর সাথে ভাগ করে নিন। খোলামেলা আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সহজ সমাধান পাওয়া সম্ভব। একে অপরের ইচ্ছা ও অনিচ্ছাকে গুরুত্ব দিন।
যদি কোনো শারীরিক অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন—দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ক্লান্তি, অবসন্নতা, মন খারাপ থাকা, কোনো কাজে আগ্রহ না পাওয়া, অতিরিক্ত উদ্বেগ, মনোযোগের সমস্যা কিংবা নারীদের মাসিক অনিয়মিত হওয়া। এসব সমস্যার পেছনে বয়সজনিত কারণ ছাড়াও অন্য কোনো রোগ থাকতে পারে। তাই সুস্থ থাকলেও প্রতিবছর একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া শ্রেয়।
মনে রাখতে হবে, অনেক চেষ্টা করেও আপনি পুনরায় পঁচিশ বছর বয়সে ফিরে যেতে পারবেন না। তারুণ্য ফিরে পাওয়ার নেশায় এমন কিছু করা উচিত নয়, যা শরীরের ক্ষতি করে। বরং নিজের বর্তমান বয়স ও সত্তাকে মন থেকে গ্রহণ করুন এবং বয়সের নিজস্ব সৌন্দর্য উপভোগ করুন।